জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ‘ডায়াস্পোরা বিষয়ক উপকমিটি’ গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। উপপ্রধানের দায়িত্ব পেয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
সোমবার (২৬ অক্টোবর) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উপকমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজাকে। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ। এ ছাড়া ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এ উপকমিটি গঠন করা হয়েছে। দলের ডায়াস্পোরাবিষয়ক কার্যক্রম গতিশীল ও কার্যকর করা, দলীয় কার্যক্রমের সমন্বয় এবং প্রবাসী কল্যাণবিষয়ক উদ্যোগ সুসংহত করাই এ কমিটি গঠনের উদ্দেশ্য।
নতুন এ উপকমিটির মাধ্যমে প্রবাসে থাকা দলের সমর্থক ও কর্মীদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ এবং প্রবাসীদের কল্যাণসংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।