পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন মাওলানা আব্দুর রব। শুক্রবার (৬ নভেম্বর) বাদ মাগরিব জামায়াতের জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ নেন।
শপথ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অশ্রুসিক্ত নয়নে পিরোজপুর জেলা জামায়াতের আমির হিসেবে শপথ বাক্য পাঠ করেন মাওলানা আব্দুর রব।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও শপথবাক্য পাঠ করান তিনি। অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতের সহকারী অঞ্চল পরিচালক মাওলানা ফখরুদ্দিন খান রাযী।
মাওলানা আব্দুর রব এর আগে পিরোজপুর পৌরসভা জামায়াতের আমির, জেলা সেক্রেটারি ও জেলা নায়েবে আমিরসহ সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ৩৫ বছর জেলা আমিরের দায়িত্ব পালন করা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ অসুস্থতাজনিত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ালে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পান আব্দুর রব।
গত ৯ অক্টোবর পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ২০২৭-২০২৮ সেশনের জেলা আমির নির্বাচনে ৬৭২ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটে ভোট দেন।
এরপর গত ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরদের নাম ঘোষণা করা হয়। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুকনদের গোপন ব্যালটে এসব আমির নির্বাচিত হয়েছেন।
শুক্রবারের শপথ অনুষ্ঠানে পিরোজপুর পৌরসভা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের পুরুষ ও নারী রুকন এবং উপজেলা টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মাওলানা বেলায়েত হোসাইনের অর্থসহ পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
শপথ গ্রহণের পর প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, পিরোজপুরের মাটিতে বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী শায়িত আছেন। তার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পিরোজপুরের প্রতিটি ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
শপথ অনুষ্ঠানে মাওলানা আব্দুর রব আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত চোখে শপথ বাক্য পাঠ করেন। এ সময় উপস্থিত অনেককেও আবেগাপ্লুত হতে দেখা যায়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের নেতৃত্বে উপস্থিত নেতাকর্মীরা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত করেন। পরে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।