নাটোরের নলডাঙ্গায় একটি মাদরাসার বটগাছের মাথায় উঠে আটকে পড়া ১৩ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার সকালে উপজেলার বাঁশিলা এলাকার একটি মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে উদ্ধার করা কিশোরকে তার নানা-নানির কাছে বুঝিয়ে দেওয়া হয়।
উদ্ধার হওয়া কিশোরের নাম মো. আলহাজ্ব। সে নলডাঙ্গা পৌরসভার পশ্চিম সোনাপাতিল এলাকার বাসিন্দা মো. রাসেলের ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আলহাজ্ব মানসিক ভারসাম্যহীন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব তার নানা-নানির সঙ্গে থাকত। শুক্রবার সকালে তাকে খুঁজে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন, বাঁশিলা এলাকার একটি মাদরাসার বটগাছের মাথায় উঠে বসে আছে সে।
খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিশোরটি যাতে নিচে পড়ে আহত না হয়, সে জন্য গাছের নিচে নেট বিছানো হয়। পাশাপাশি বিস্কুটসহ বিভিন্ন উপায়ে তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করেন উদ্ধারকর্মীরা। একপর্যায়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হন।
নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, উদ্ধার শেষে কিশোরটিকে তার নানা-নানির হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাকে নিরাপদে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্বজনরা।