সংসদের বাইরে বিকল্প উদ্যোগ

‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গড়ছে জামায়াত জোট

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

সংবিধান সংশোধন নিয়ে সরকারের উদ্যোগে অংশ না নিয়ে সংসদের বাইরে বিকল্প প্রক্রিয়ায় জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ লক্ষ্যে ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জোটটি। পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের খসড়া রূপরেখা তৈরি, গণভোটের রায় বাস্তবায়নের পথ নির্ধারণ এবং এ বিষয়ে জনমত গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

পরিষদে জোটের সংসদ সদস্যদের পাশাপাশি শরিক দলগুলোর প্রতিনিধিদের রাখার কথা ভাবা হচ্ছে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী অন্য রাজনৈতিক দলগুলোকেও এতে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা চলছে। পরিষদের সদস্যসংখ্যা ও কর্মপরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ দ্য ডেইলি স্টারকে বলেন, সরকার গণভোটের রায়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে এবং সংস্কারের অঙ্গীকার থেকে সরে এসেছে। এ কারণে গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে তাঁরা এ উদ্যোগ নিচ্ছেন।

তিনি বলেন, ‘এ বিষয়ে ১১ দলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমরা একটি পরিষদ গঠন করব। তবে এর সদস্যসংখ্যা ও অন্যান্য বিষয় নিয়ে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

পরিষদের কাজ হবে গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার নিয়ে জনমত গঠন, বুদ্ধিবৃত্তিক দিকনির্দেশনা দেওয়া এবং বাস্তবায়নের করণীয় নির্ধারণ করা। সরকারের গঠিত বিশেষ কমিটির বিপরীতে এটি ১১ দলের পক্ষ থেকে সংস্কারের প্রক্রিয়া ও রূপরেখা তৈরির উদ্যোগ কি না, জানতে চাইলে আযাদ বলেন, ‘তা তো অবশ্যই।’

১১ দলীয় ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ বলেন, গত ২৭ অক্টোবর জোটের শীর্ষ নেতাদের বৈঠকে পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়। পরদিন এ বিষয়ে লিয়াজোঁ কমিটির বৈঠকও হয়েছে।

তিনি জানান, জোটের কয়েকজন সংসদ সদস্য এবং প্রতিটি শরিক দল থেকে সংসদ সদস্য নন—এমন একজন করে প্রতিনিধি নিয়ে পরিষদ গঠনের পরিকল্পনা রয়েছে। তাঁর ভাষ্য, ১১ দলের সংসদ সদস্যরা জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। ফলে সংস্কারের বিষয়ে তাঁদের দায়বদ্ধতা রয়েছে।

জালালুদ্দীন বলেন, ‘আমরা তো চাচ্ছি সংবিধান সংস্কার, আর সরকার চাচ্ছে সংশোধন। আমরা ১১ দল মাঠে-ময়দানে কর্মসূচি পালন করছি। আমাদের সংসদ সদস্যরা যেহেতু সংবিধান সংস্কারের শপথ নিয়েছেন, তাঁদেরও একটা দায়বদ্ধতা রয়েছে।’

পরিষদ সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক ও কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করবে। আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ কমিটি ও কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে পরিষদ গঠনের জন্য ১৫ সদস্যের একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাবনা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন। ১১ দলের শীর্ষ পর্যায়ে আলোচনার পর প্রস্তাবটি চূড়ান্ত হবে।

নাজিবুর রহমানের অভিযোগ, সরকার জুলাই জাতীয় সনদ থেকে উল্লেখযোগ্য বিচ্যুতির পথে হাঁটছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও উচ্চকক্ষের স্পিকার-সংক্রান্ত বিষয়ে সরকারের প্রস্তাবগুলো সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তাঁদের মনে হচ্ছে।

তিনি বলেন, গণভোটে উচ্চকক্ষের ৫০ শতাংশ আসন পিআর পদ্ধতিতে এবং বাকি ৫০ শতাংশ আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গঠনের কথা বলা হয়েছে। এ ছাড়া সনদে স্বাক্ষরকারী সব রাজনৈতিক দলকে নিয়ে সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়নে সমন্বিত কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়েছে।

সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান না করায় সংসদ সদস্যরা তাঁদের দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন না বলে মন্তব্য করেন নাজিবুর রহমান। সভা আহ্বান, প্রতীকী সভাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য একটি ফোরাম গঠনের চিন্তাভাবনা চলছে বলেও জানান তিনি।

নাজিবুর রহমান বলেন, ‘শুধু একটি রূপরেখা নয়, জুলাই সনদ ও গণভোটের আলোকে সংবিধান কেমন হওয়া উচিত, সে বিষয়ে সংস্কারের একটি খসড়া আমরা তুলে ধরব। পাশাপাশি জনসচেতনতা তৈরির জন্য বিভিন্ন কর্মসূচিও নেওয়া হবে।’

আলোচনায় পরিষদে হামিদুর রহমান আযাদ, নাজিবুর রহমান মোমেন, বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, আইনজীবী শিশির মনির এবং শহীদ জাবের ইব্রাহিমের মা ও জামায়াত মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমের নাম রয়েছে।

**সংসদের বিশেষ কমিটি নিয়ে বিরোধ**

সংবিধান সংস্কার নিয়ে সংসদের বিশেষ কমিটির সঙ্গে বিরোধী জোটের দূরত্বের মধ্যেই নতুন এ উদ্যোগের কথা জানাল জামায়াত নেতৃত্বাধীন জোট।

গত ১৩ জুলাই জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে সংবিধান সংশোধনসংক্রান্ত ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। বিরোধী দলের জন্য পাঁচটি পদ খালি রাখা হলেও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ খেলাফত মজলিস কোনো সদস্যের নাম প্রস্তাব করেনি।

বিরোধী দলের নেতাদের বক্তব্য, কমিটির ধারণাগত ভিত্তিই তাঁরা গ্রহণ করেন না। তাই এতে প্রতিনিধি দেওয়ার প্রশ্ন আসে না। তবে বিএনপি জানিয়েছে, জামায়াতের পক্ষ থেকে নাম প্রস্তাব করা হলে তাদের অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।

গত ৪ আগস্ট বিশেষ কমিটির প্রথম বৈঠক হয়। পরে ২০ সেপ্টেম্বর জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে মতবিনিময় করে কমিটি। ওই বৈঠকেও জামায়াত নেতৃত্বাধীন জোটের কোনো শরিক দল অংশ নেয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের দাবিতে অন্তর্বর্তী সরকার সংবিধান, বিচার বিভাগ, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচনব্যবস্থা ও জনপ্রশাসনসহ ১১টি খাতে সংস্কারের উদ্যোগ নেয়। সংশ্লিষ্ট কমিশনগুলোর সুপারিশ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর গত বছরের ১৭ অক্টোবর তৎকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জুলাই জাতীয় সনদ গৃহীত হয়।

পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারি করেন। ওই আদেশের ভিত্তিতে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৬৯ শতাংশ ভোট সংবিধান সংস্কারের পক্ষে পড়ে।

আদেশ অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের জাতীয় সংসদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার বিধান ছিল। তবে বিএনপির সংসদ সদস্যরা শুধু জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেন। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের ৭৭ জন সংসদ সদস্য দুটি শপথই নেন।

১

৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৩ শিশু-কিশোর

২

তাওহীদের ‘হৃদয়’জুড়ানো ইনিংসে স্বস্তি বাংলাদেশের

৩

তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ভাঙল একের পর এক রেকর্ড

৪

হামজা-ফারহান কবে আসবেন ঢাকায়, শ্রীলঙ্কার বিপক্ষে খেলা নিয়ে অনিশ্চয়তা

৫

নাটোরে মাদরাসার বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার

৬

বল টেম্পারিংয়ে পুরো অস্ট্রেলিয়া দল জড়িত ছিল, বিস্ফোরক দাবি উসমান খাজার

৭

পরীমনির অশ্লীল ভাষার পোস্ট ঘিরে বিতর্ক, পাশে দাঁড়ালেন তসলিমা নাসরিন

৮

পরীমনি ইস্যুতে সাংবাদিক রবিউলের পক্ষে যা বললেন সংসদ সদস্য মানসুরা

৯

৭ নভেম্বরের অভ্যুত্থানে কী ঘটেছিল, কী দেখেছিলেন মইনুল হোসেন চৌধুরী

১০

৭ নভেম্বর যেভাবে বাংলাদেশের রাজনীতির সমীকরণ পাল্টে দিয়েছিল

১১

৭ নভেম্বর কী ঘটেছিল, কী দেখেছিলাম

১২

সৌদি আরবে সড়কে ঝরল ৭ বাংলাদেশির প্রাণ

১৩

৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব দিতে চাই: তারেক রহমান

১৪

নওগাঁয় নকল সার-কীটনাশকের কারবার, একজনের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা

১৫

রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত