নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বাজারে নকল সার ও কীটনাশক তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও এসআরবি। অভিযানে প্রতিষ্ঠান দুটির সংশ্লিষ্ট ব্যক্তিদের মোট দুই লাখ টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ নভেম্বর) ভোর থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এস ডি এগ্রোভেট নামের দুটি পৃথক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিবগঞ্জ গ্রামের মৃত মোতার হোসেনের মৃত্যুর পর তাঁর দুই ছেলে মোহাম্মদ শাহিনুর আলম ও দেলোয়ার হোসেন পৃথকভাবে একই নামের দুটি কারখানা পরিচালনা করছিলেন। কৃষকদের সঙ্গে প্রতারণা এবং কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় নকল সার ও কীটনাশকের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে এস ডি এগ্রোভেটের মালিক মোহাম্মদ শাহিনুর আলম উপস্থিত ছিলেন না। এ কারণে তাঁর স্ত্রী হাসনাত জাহান পাপিয়ার বিরুদ্ধে বালাইনাশক আইন, ২০১৮-এর ৩১(১) ধারায় অপরাধের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, একই নামে আরেকটি কারখানা পরিচালনার দায়ে শাহিনুর আলমের ভাই মো. দেলোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, প্রতিষ্ঠান দুটির বোরন ও জৈব সার তৈরির অনুমোদন থাকলেও ছাইবার মেথিন এবং তেলাপোকা মারার চক তৈরির কোনো কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। অনুমোদিত পণ্যগুলোর মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য সেগুলো পাঠানো হবে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বলেন, প্রতিষ্ঠান দুটির সংশ্লিষ্ট ব্যক্তিদের মোট দুই লাখ টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।