আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, পরিকল্পনা ও নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ‘স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে কমিটির চেয়ারম্যান এবং সদস্যসচিব আখতার হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে ঢাকা মহানগরের দুই অংশ এবং দেশের আট বিভাগের নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের জন্য পৃথক দায়িত্ব বণ্টন করা হয়েছে।
কমিটিতে খুলনা বিভাগের দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তাঁর সঙ্গে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় নেতা ফরিদুল হক ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। রংপুর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলমকে। এ বিভাগে তাঁর সহযোগী হিসেবে থাকবেন কেন্দ্রীয় নেতা সানি আবদুল হক ও আবু সাঈদ লিওন।
ঢাকা মহানগর উত্তরের দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল। ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক ইসহাক সরকার।
ঢাকা বিভাগ উত্তর ও দক্ষিণ—দুই ভাগে দায়িত্ব বণ্টন করা হয়েছে। ঢাকা বিভাগ উত্তরে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল আমিন, আলী নাছের খান ও মাজেদুল ইসলাম। ঢাকা বিভাগ দক্ষিণে দায়িত্ব পালন করবেন সারোয়ার তুষার, মো. আতাউল্লাহ ও সাইয়েদ জামিল।
চট্টগ্রাম বিভাগকেও উত্তর ও দক্ষিণ—দুই ভাগে ভাগ করা হয়েছে। উত্তর অংশের দায়িত্ব পেয়েছেন আকরাম হুসাইন, মাহবুব আলম ও মো. নিজাম উদ্দিন। দক্ষিণ অংশে দায়িত্ব পালন করবেন সালেহ উদ্দিন সিফাত, সাগুফতা বুশরা মিশমা ও মনজিলা ঝুমা।
রাজশাহী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতা আতিক মোজাহিদ, মনিরা শারমিন ও এস এম সাইফ মুস্তাফিজকে। ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পালন করবেন আবদুল হান্নান মাসউদ, জাবেদ রাসিন ও লুৎফর রহমান। সিলেট বিভাগের দায়িত্ব পেয়েছেন আলী আহসান জুনায়েদ, এহতেশাম হক ও প্রীতম দাশ। বরিশাল বিভাগের দায়িত্বে থাকবেন আরিফুল ইসলাম আদীব, মুজাহিদুল ইসলাম শাহীন ও ফয়সাল মাহমুদ শান্ত।
কমিটিতে পদাধিকারবলে অন্তর্ভুক্ত থাকবেন এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সদস্যসচিব। এ ছাড়া দলের দপ্তর সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, মিডিয়া সম্পাদক, আইন সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রশিক্ষণ সম্পাদকও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গঠিত এ কমিটির মাধ্যমে প্রার্থী বাছাই, নির্বাচনী কৌশল নির্ধারণ, সাংগঠনিক প্রস্তুতি এবং কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের কার্যক্রমের মধ্যে সমন্বয় করা হবে বলে দলটির ঘোষণায় জানানো হয়েছে।