ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ তাঁকে নতুন করে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেবে না। একজন পলাতক আসামিকে নতুন ভ্রমণ নথি দেওয়ার প্রশ্নই ওঠে না। তবে বাংলাদেশ-ভারত বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আইনি উদ্যোগ হাস্যকর। তাঁর দেশে ফেরার বিষয়টি সাধারণ কোনো যাত্রীর মতো বিবেচনার সুযোগ নেই। তিনি ইতোমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও একাধিক বিচারিক কার্যক্রম চলমান রয়েছে, যেগুলোতে সর্বোচ্চ শাস্তির সম্ভাবনাও রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে দাবি জানানো হবে। তাঁকে ফেরত পাওয়া গেলে যথাযথ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে কারাগারে নেওয়া হবে।
সম্প্রতি দিল্লিতে অবস্থান করে আইনজীবী ও আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদনের খবর প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, কোনো আইনজীবী বা বিদেশি ল ফার্মের পক্ষ থেকে আইনি নোটিশ কিংবা প্রতিনিধিত্ব করলেই শেখ হাসিনার বর্তমান আইনি অবস্থার পরিবর্তন হবে না।
তিনি দাবি করেন, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার সরকারের সময়ে মাত্র ছয় সপ্তাহে প্রায় এক হাজার ৫০০ মানুষ নিহত হয়েছেন। দেশ ছেড়ে ভারতে অবস্থান করেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার পক্ষে বিদেশি আইনজীবী, সলিসিটর ও জনসংযোগ প্রতিষ্ঠানের কাজ করার বিষয়েও সমালোচনা করেন হুমায়ুন কবির। তাঁর অভিযোগ, রাষ্ট্রীয় সম্পদ থেকে লুট করা অর্থ ব্যবহার করে বিদেশে আইনজীবী ও লবিং প্রতিষ্ঠান নিয়োগ করা হচ্ছে।
যুক্তরাজ্যে শেখ হাসিনার পক্ষে জনমত তৈরির উদ্যোগের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, একটি জনসংযোগ প্রতিষ্ঠান ভুল তথ্য প্রচারের কারণে ব্রিটিশ সংসদ সদস্যদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল। পরে প্রতিষ্ঠানটিকে সরে যেতে হয়।
যুক্তরাজ্যের ৬৫০ জন সংসদ সদস্যের মধ্যে মাত্র কয়েকজন শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন উল্লেখ করে হুমায়ুন কবির দাবি করেন, অধিকাংশ সংসদ সদস্য এ বিষয়ে নৈতিক অবস্থান বজায় রেখেছেন।
প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। বাংলাদেশে ফেরার একমাত্র পথ হবে ভারত থেকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তাঁর পক্ষে লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি পাঠান। রয়টার্স চিঠিটি দেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের পর অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে আইনজীবীরা জানতে পেরেছেন। তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে রয়টার্সকে শেখ হাসিনা বলেছিলেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।