নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবেদন, দেশে ফেরার পরিকল্পনার উল্লেখ নেই
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে চিঠি পাঠিয়েছেন তাঁর আইনজীবী। লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠানো হয়। তবে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগে জানালেও আইনজীবীর ওই চিঠিতে প্রত্যাবর্তনের কোনো সময়সূচি বা পরিকল্পনার উল্লেখ নেই।
চিঠির একটি অনুলিপি হাতে পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এতে ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওয়েলস নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক পরিচয় দিয়ে লিখেছেন, ‘আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মহামান্য শেখ হাসিনার আইনি পরামর্শক হিসেবে এই চিঠি লিখছি।’
চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ পরিপ্রেক্ষিতে তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন আইনজীবী।

চিঠিতে স্টিভেন পাওয়েলস লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক তাঁর (শেখ হাসিনা) বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলের খবর বিবেচনায় নিয়ে, আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।’
আবেদনের ভিত্তি হিসেবে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের কথা উল্লেখ করেছেন তাঁর আইনজীবীরা। পাশাপাশি বাংলাদেশের আইন ও আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি থেকে উদ্ভূত প্রযোজ্য বাধ্যবাধকতার বিষয়টিও তুলে ধরেছেন তাঁরা।
চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের এই অনুরোধটি তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে করা হয়েছে, যা বাংলাদেশের আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি থেকে উদ্ভূত যে কোনো প্রযোজ্য বাধ্যবাধকতার সঙ্গে সঙ্গতিপূর্ণ।’
আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়ে আইনজীবী আরও লিখেছেন, ‘হাইকমিশন যদি বিষয়টি খতিয়ে দেখে এবং এই আবেদনগুলো দ্রুত প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নথিপত্রের বিষয়ে আমাদের অবহিত করে, তবে আমরা কৃতজ্ঞ থাকব।’
দিল্লির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রথম আলো জানিয়েছে, সোমবার সকালে ই-মেইলে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের হাইকমিশন। ই-মেইল পাওয়ার পর পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফিরতে চান। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে তাঁর এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর এবারই প্রথম প্রকাশ্যে এসেছে। তবে আইনজীবীর চিঠিতে দেশে ফেরার পরিকল্পনা বা সম্ভাব্য তারিখের বিষয়ে কিছু বলা হয়নি।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এগুলো সবই ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্ট্যান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, সবই স্ট্যান্টবাজি। শি উইল নট কাম ব্যাক।’
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ শেখ হাসিনার মতো ভারতে অবস্থান করছেন অথবা অন্য দেশে আত্মগোপনে রয়েছেন। অনেকে কারাগারেও আছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে।
তথ্যসূত্র : বিডিনিউজ