ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে কোনও শর্তের কথা উল্লেখ করে যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, অন্য যেকোনও আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক শর্ত দেয়া হলে সরকার তা বিবেচনা করবে। তবে গণমাধ্যমে এ বিষয়ে কী প্রকাশিত হয়েছে, সেটিকে গুরুত্ব দেয়ার কিছু নেই।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, বর্তমানে একই ধরনের কর্মকাণ্ড করছে দলটি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা রয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।