সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের
দেশের সীমানার ওপারে অবস্থানরত প্রভুদের খুশি করতে পলাতক স্বৈরাচার আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। গণতন্ত্র ও মানুষের নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন নারী-পুরুষ, শিশু, শিক্ষার্থী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকের কল্যাণে কাজ করার চেষ্টা করছে, তখন একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই গোষ্ঠী একসময় জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশ শাসন করেছে এবং মানুষের কথা বলার ও ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন দেখতে চায় না। নিশিরাতের নির্বাচন কিংবা আমি-ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার রাজনীতিতেও ফিরতে চায় না তারা। যারা দীর্ঘদিন ক্ষমতা দখল করে রেখেছিল, তারাই আবার দেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে।
প্রধানমন্ত্রী বলেন, ১৬ বছর ক্ষমতায় থেকেও তারা তিস্তা ব্যারাজের কাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন করেনি। এ অঞ্চলে গ্যাসলাইন আনতে পারেনি, প্রতিষ্ঠা করেনি ইপিজেড। কেন এসব উন্নয়নকাজ হয়নি, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, তাদের দেশের মানুষের প্রতি কোনো দরদ ছিল না। বরং প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও অর্থ পাচার ও বিদেশে বিলাসী জীবনযাপনের বিষয়গুলো উঠে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা সীমান্তের ওপারে অবস্থানরত প্রভুদের খুশি করতে আবারও বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ যে ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গুম-খুন থেকে মুক্তির প্রত্যাশা তৈরি করেছে, সেই অধিকার আবার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।
তিনি বলেন, ২০২৪ সালে যেভাবে দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার ও সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এখন আবার একইভাবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ বাংলাদেশের ভাগ্য ও মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।
গত কয়েক দিনের সহিংসতার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকার সময় তারা মানুষের সহায়-সম্পত্তি লুট করেছে, নির্যাতন ও গুমের ঘটনা ঘটিয়েছে। ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে যাওয়ার পরও আগুন-সন্ত্রাস ও মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।
তারেক রহমানের দাবি, ক্ষমতা ধরে রাখতে তাদের আমলে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে ৬০ জন শিশু। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তাদের দেশ ও জনগণের প্রতি কোনো দায়িত্ব থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি ও অগ্রগতি চায়। রাজনৈতিক মতপার্থক্য ভুলে ২০২৪ সালে গণতন্ত্রের পক্ষে আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ’—যথেষ্ট হয়েছে, আর নয়।
জনসভায় দেশের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। পুনঃখনন করা খালগুলো তরুণদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, যাতে তারা মাছ চাষসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।
ধর্মীয় নেতাদের জন্য সরকারি সম্মানীর পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, চলতি বছর ২ লাখ ৫৬ হাজার ইমাম, পুরোহিত ও ধর্মীয় গুরুকে সম্মানী দেওয়া হবে। শিক্ষার্থীদের নতুন বইয়ের পাশাপাশি নতুন স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে।
লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের উন্নয়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহ চালু করার পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলে শিল্প-কলকারখানা গড়ে তোলা, উৎপাদন বৃদ্ধি, কৃষির উন্নয়ন এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করতে চায়।
তিনি বলেন, দেশের মা-বোনেরা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, সে জন্যও উদ্যোগ নেওয়া হবে। কৃষি উৎপাদন বাড়ানো, শিল্পের বিকাশ এবং সবার জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা করার মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় সরকার।
লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তারা একই অবস্থানে থাকবে।