দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুরে এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তাঁরা।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন
রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোলের সংখ্যাও বাড়ানো হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেপ্তারের জন্য ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বলেন, রাজধানীতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি এখন আগের থেকে বেশ বেশি। চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল বাড়ানো হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলেও জানান। তিনি বলেন, ব্লক রেইড ও চিরুনি অভিযানের মাধ্যমে সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকার বাইরে থেকে যারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থেকে রাজধানীতে এসে আশ্রয় নিয়েছে, তাদের ওপরও নজরদারি রাখা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে এডিসি নিয়াজ মেহেদী বলেন, ঢাকা যথেষ্ট নিরাপদ রয়েছে। নগরবাসী যেন নির্বিঘ্নে স্বাভাবিক জীবনযাপন পরিচালনা করতে পারেন এবং তারা তাদের দৈনন্দিন কাজ ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ।