জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মোড়ল নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে রাখা প্রয়োজন। প্রয়োজনে পরবর্তী সময়ে তাঁর রিমান্ড চাওয়া হতে পারে। প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, আদালত পুলিশের আবেদন গ্রহণ করেছেন। তবে নাহিদের পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি।
বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই বাসায় পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়। পরে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ রয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় আন্দোলনকারীদের ধাওয়া করে মারধরের পাশাপাশি গুলি চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এতে সাদিকুলের পেটে গুলি লাগে।
পরে তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।
নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর টানা ১০ বছর ওই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।