চট্টগ্রাম প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন, এই প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে কিন্তু নিয়মের মধ্যে থেকে গঠনতান্ত্রিক উপায়ে সমস্যা সমাধানে সহযোগিতা করব- এমন আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। বুধবার (৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে প্রেসক্লাবের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতা ও সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, আমি জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানে যাই। আমি জানি ক্লাব পরিচালনার একটা নিয়মকানুন আছে। চট্টগ্রাম প্রেসক্লাব পরিচালনায় যে ব্যত্যয়গুলি ঘটেছে তা চিহ্নিত করে সমাধান করা হবে। আমি অতি দ্রুত এ শহরের মুরব্বী অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে পরামর্শ করে আপনাদের মধ্যে থেকে একটি প্রতিনিধিদলকে ঢাকায় ডাকব। চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্ভুত সমস্যার সমাধান অবশ্যই করব- ইনশাল্লাহ।
মন্ত্রী আরও বলেন, আমাদের সংকটের মূল কারণ হচ্ছে, আমরা এ রাষ্ট্রকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে দাঁড় করাতে পারিনি। যখন কোন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেড়ে যায় তখন সেটা আর প্রতিষ্ঠান থাকে না। কারণ প্রতিটি ব্যক্তির আয়ু ক্ষণস্থায়ী, তার ক্ষমতাও ক্ষণস্থায়ী। গত ৫৫ বছরের বাংলাদেশে আমরা সেটা দেখেছি।
তিনি আরও বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা রাষ্ট্রকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম প্রেসক্লাবকেও আমরা প্রাতিষ্ঠানিক ধারায় নিয়ে আসতে চাই। আমি কথা দিচ্ছি আমরা আপনাদের সহযোগিতা করব। সব মত, সব চিন্তা নিয়ে সবাইকে মিলে একটা প্রেসক্লাবেই থাকতে হবে–এটাই আসল সত্য।
এ সময় প্রেসক্লাবের সভাপতি বলেন, আমরা চাই গঠনতন্ত্র অনুসরণ করে চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচন দেয়া হোক, স্থায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হোক, তারাই প্রেসক্লাব পরিচালনা করবে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, দাবি একটাই, প্রেসক্লাব জিম্মি মুক্ত করে পেশাদার সাংবাদিকদের কাছে ফিরিয়ে দেয়া হোক এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের তালাবদ্ধ কার্যালয় খুলে দেয়া হোক।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি মনজুর কাদের, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, সদস্য মোয়াজ্জেমুল হক, জসীম চৌধুরী সবুজ, মঞ্জুরুল আলম মঞ্জু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, যুগ্ম সম্পাদক মহসীন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সবুর শুভ, যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।