‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারীকে তিনজন মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ট্রেনটির অবস্থান শনাক্ত করে পরবর্তী স্টপেজ শান্তাহার রেলওয়ে থানাকে জানানো হয়। পরে ট্রেনটি শান্তাহার স্টেশনে পৌঁছালে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক ক্যান্টিন বয়কে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক (২২) নাটোরের লালপুরের আব্দুলপুর এলাকার বাসিন্দা। ঘটনায় জড়িত অপর দুই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক ও গণমাধ্যম কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, ওই নারী কান্নাজড়িত কণ্ঠে ৯৯৯ নম্বরে ফোন করে চলন্ত ট্রেনে তিনজন মিলে তাকে ধর্ষণের অভিযোগ করেন।
তিনি জানান, ৪৪ বছর বয়সী ওই নারী ঢাকা বিমানবন্দর থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত টিকিট ছাড়া ট্রেনে ওঠেন। পরে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিকসহ আরও দুই ব্যক্তি তাকে সিটে বসিয়ে দেওয়ার কথা বলে ক্যান্টিন বয়দের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী।
৯৯৯ থেকে ট্রেনের অবস্থান শনাক্ত করে শান্তাহার রেলওয়ে থানাকে জানানো হলে পুলিশ ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর ওই নারীকে উদ্ধার করে। পরে আবু বক্করকে গ্রেপ্তার করে মামলা করা হয়। অপর দুই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
শু/আজা