কিশোর গ্যাংয়ে সম্পৃক্ততা থাকার অভিযোগে কুমিল্লায় এক রাতেই ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলার ১৮টি থানার পুলিশ একযোগে কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করে। কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, “আটককৃতদের পূর্বের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
পুলিশ জানায়, সাম্প্রতিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। এ কারণে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার সব থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় বখাটেদের উৎপাত রয়েছে- এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, “আটককৃতদের পূর্বের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর মধ্যেই বুধবার রাতে এ অভিযান চালানো হলো।
এদিকে, অভিযানের সময় দাউদকান্দি থানায় আটক ১৭ জন দরজা ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় লোকজন তাদের ধরে আবার পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, “একই কক্ষে অতিরিক্ত মানুষ হয়ে যাওয়ায় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সুযোগে কয়েকজন বেরিয়ে গেলেও স্থানীয় লোকজন তাদের ধরে আবার থানায় নিয়ে আসে।”
এক রাতে বিপুলসংখ্যক মানুষকে আটক করায় বিভিন্ন থানায় স্বজন ও স্থানীয় লোকজনের ভিড়ও দেখা যায়। এতে কয়েকটি স্থানে হট্টগোলের পরিস্থিতি তৈরি হয় বলে জানিয়েছে পুলিশ।