শিক্ষকদের বদলি ও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগের কথাও জানালেন
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’—এমন মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, বিএনপি সরকার শিক্ষকদের কল্যাণে কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, সার্বজনীন বদলি এবং এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তির বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষকরা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। যেসব শিক্ষক ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করেছেন, তাঁদের প্রমাণসহ তালিকা দিতে হবে। সেই তালিকা ও প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই এ বিষয়ে কাজ করছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী ১৯ জানুয়ারি শিক্ষক সমাবেশে প্রধানমন্ত্রীর মাধ্যমে এ বিষয়ে ঘোষণা দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
শিক্ষকদের বদলি নিয়ে অসন্তোষের কথা তুলে ধরে সেলিম ভূঁইয়া বলেন, এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগে নানা অনিয়ম হয়েছে। তাঁর অভিযোগ, অতীতে সিলেটের একজন নারী শিক্ষককে ভোলায় এবং রংপুরের একজন নারী শিক্ষককে বরিশালে নিয়োগ দেওয়া হয়েছে। বদলির অপেক্ষায় থাকতে গিয়ে অনেক নারী শিক্ষকের সংসার ভেঙে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, বদলির আবেদন নেওয়ার পরও তা বাস্তবায়ন করা হচ্ছে না কেন? সরকারকে অবিলম্বে বদলি কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে অতিরিক্ত অর্থের প্রয়োজন নেই।
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন প্রসঙ্গে সেলিম ভূঁইয়া বলেন, তাঁদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। শিগগিরই এ উদ্যোগ বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিজের ওপর নির্যাতনের অভিযোগও তুলে ধরেন সেলিম ভূঁইয়া। তিনি বলেন, পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের সদস্যরা তাঁকে তুলে নিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। তিনি বলেন, ‘আমরা এত কিছু সহজে ভুলে যাইনি।’
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের পর বয়স বিবেচনায় সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন বয়স্ক ব্যক্তিকে আটক করা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। অথচ সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ৮৬ বছর বয়সে আদালতে হাজিরা দিয়েছেন এবং তাঁকেও হ্যান্ডকাফ পরানো হয়েছিল বলে দাবি করেন তিনি। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সেলিম ভূঁইয়া বলেন, তাঁকেও হ্যান্ডকাফ পরিয়ে টেনে আদালতে নেওয়া হতো। তাঁর বিরুদ্ধে ৪০টি মামলা ছিল।
পাঠ্যপুস্তকে ইতিহাস উপস্থাপন নিয়েও বক্তব্য দেন সংসদ সদস্য সেলিম ভূঁইয়া। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং শিক্ষকদের দিয়ে এসব বিষয় লেখানো হয়েছে। এ প্রসঙ্গে তিনি ১৯৭৪ সালের দুর্ভিক্ষের উদাহরণ টেনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও শাসনামল নিয়ে সমালোচনা করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাকশিসের কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
সম্মেলন সঞ্চালনা করেন সমিতির কুমিল্লা শাখার সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।