ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলার আশঙ্কায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ইসরায়েল। তেহরানে হামলা হলে ইরান পাল্টা আঘাত হিসেবে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে—এমন আশঙ্কায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
রোববার (২ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা টিআরটি।
প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার বৈঠকে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন হামলা চালাবে যে একসময় ইরান যুদ্ধ চালিয়ে যেতে অক্ষম হবে।
ইসরায়েলি দৈনিক ইয়েদিয়োত আহরোনোত জানিয়েছে, দেশটির সামরিক কমান্ডারদের ধারণা, ট্রাম্প যেকোনো সময় ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার নির্দেশ দিতে পারেন। এ কারণে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা মোকাবিলায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এদিকে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১২ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিযানের পাশাপাশি ইসরায়েলও নিজস্ব সামরিক প্রস্তুতি নিচ্ছে। সংবাদমাধ্যমটির বরাতে এক অজ্ঞাত কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এখন ‘বিস্ফোরণের দ্বারপ্রান্তে’ পৌঁছেছে এবং ট্রাম্প মনে করছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা সময় নষ্ট ছাড়া আর কিছু নয়।
অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে। এ ধরনের পাল্টা পদক্ষেপের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত বলেও দাবি করেছে তেহরান।
সূত্র: টিআরটি
শু/আজা