সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি শাখা কার্যালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি। কার্যালয়টি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরানে অবস্থিত।
হুথি-সমর্থিত ইয়েমেনি বার্তাসংস্থা সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার নাজরানে আরামকোর শাখা কার্যালয় লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় কার্যালয়টির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং হামলার উদ্দেশ্য অর্জিত হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।
তবে হামলার বিষয়ে এর বেশি বিস্তারিত জানায়নি সাবা নিউজ এজেন্সি। ঘটনার সত্যতা যাচাই করতে সৌদি সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে দেশটির কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এর আগে গত ৬ আগস্ট নাজরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুথি গোষ্ঠী। ওই হামলায় ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে সাতজন সৌদি নাগরিক ছিলেন।
ওই হামলার জবাবে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি আরবের বিমানবাহিনী।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সৌদি-সমর্থিত সরকার এবং উত্তরাঞ্চলে হুথি নিয়ন্ত্রিত সরকারের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই সর্বশেষ এই হামলার দাবি করা হলো। এর আগে লোহিত সাগরের জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ এবং লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব এল-মান্দেব প্রণালিতে অবরোধ আরোপ করেছিল হুথি গোষ্ঠী।
এর পর থেকেই সৌদি আরবের সঙ্গে ইরান-সমর্থিত হুথিদের উত্তেজনা আরও বেড়েছে।
সূত্র: এএফপি
শু/আজা