ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন থাইল্যান্ডের পাতায়ায় নোঙর করবে। রণতরীটিতে থাকা প্রায় ৫ হাজার মার্কিন সেনা সেখানে পৌঁছানোর আগে যৌনকর্মীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, মার্কিন সেনারা পাতায়ায় অবস্থানকালে নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। যৌনকর্মীদের চাহিদা হঠাৎ বেড়ে গেলে এর অপব্যবহার ও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
রণতরীটি মঙ্গলবার রাতে পাতায়ায় পৌঁছানোর কথা রয়েছে। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের পর ক্রুদের বিশ্রাম দিতে এটি থাইল্যান্ডে নোঙর করবে। পরে রণতরীটি যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে ফিরে যাবে।
এদিকে প্রায় পাঁচ হাজার মার্কিন সেনার আগমনে পাতায়ার স্থানীয় ব্যবসা-বাণিজ্যে সাময়িকভাবে গতি আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। শহরের মেয়র পোরামাস নাগামপিচেস জানান, প্রতিটি সেনা এক থেকে তিন হাজার বাথ পর্যন্ত খরচ করতে পারেন।
শু/আজা