ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব দ্রুতই’ শেষ হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, সংঘাত শেষ হওয়ার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আশঙ্কাজনকভাবে কমে যাবে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বুধবার রাতে যুক্তরাষ্ট্রের মোন্টানা অঙ্গরাজ্যে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে… শীঘ্রই শেষ হবে, কারণ তারাও এটি শেষ করতে চায়। তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না এবং তেলের দাম পাথরের মতো হু হু করে নিচে নেমে আসবে।’
এর আগে মোন্টানায় এক নির্বাচনি জনসভায় ভাষণ দেয়ার সময় ট্রাম্প জানান, সংঘাত অবসানের লক্ষ্যে ওয়াশিংটন আলোচনা করতে চাইলেও ইরানের পক্ষে কার সঙ্গে আলোচনা চালানো হবে, তা নিয়ে তিনি অনিশ্চয়তায় রয়েছেন।
ইরানের বর্তমান সামরিক পরিস্থিতি তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাদের কোনো নৌবাহিনী নেই। তাদের কোনো বিমানবাহিনী নেই। তাদের সামরিক বাহিনী ধ্বংস হয়ে গেছে। তাদের শীর্ষ নেতারা আর নেই। আমার হয়তো তাদের নেতাদের জীবিত রাখা উচিত ছিল, কারণ আমি জানিই না এখন ছাই কার সঙ্গে আমরা আলোচনা করছি।’
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ‘ইরান একসময় মধ্যপ্রাচ্যের ত্রাস ছিল। তারা একসময় শক্তিশালী ছিল, কিন্তু এখন আর তাদের সেই শক্তি নেই।’
ইরানের ১৫৯টি নৌযানের কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, তার আদেশে পরিচালিত হামলায় এর একটিও আর সচল নেই, সবকটিই এখন সমুদ্রের তলদেশে। একই সঙ্গে দেশটির ২৭৪টি যুদ্ধবিমানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আজ ব্যবহারের জন্য কয়টি যুদ্ধবিমান অবশিষ্ট আছে? শূন্য! সেগুলোর অবস্থা জানেন? সেগুলো সব ইরানের সুন্দর রানওয়েগুলোতে ছোট ছোট টুকরো হয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।’