যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তবে কী কারণে বা কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
দীর্ঘ কূটনৈতিক জীবনে পশ্চিমা দেশগুলোর সমালোচনায় সরব ছিলেন দারিচেভ। ২০২৫ সালের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। দুই দেশের মধ্যে তীব্র টানাপোড়েনের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর মস্কো ও ওয়াশিংটনের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন ও তার মিত্ররা।
তবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের বরফ গলার সম্ভাবনা তৈরি হয়। দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার অংশ হিসেবেই দারিচেভকে ওয়াশিংটনে রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনের আগে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন দারিচেভ। এরপর তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের দায়িত্ব পালন করেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে রাশিয়ার কূটনৈতিক প্রতিনিধিত্বে পরিবর্তন আসতে যাচ্ছে। তবে নতুন রাষ্ট্রদূত নিয়োগ বা মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: সিএনএন