সদস্যপদ নিয়ে সংশয় ২৭ দেশের জোটে

দীর্ঘ যুদ্ধে ফিকে হচ্ছে ইউক্রেনের ইইউতে যোগ দেওয়ার স্বপ্ন

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

শরণার্থী ও কৃষিপণ্য নিয়ে ইউরোপে বাড়ছে অসন্তোষ

রাশিয়ার সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্ণাঙ্গ সদস্য হওয়ার স্বপ্ন দেখছে ইউক্রেন। মস্কোর রাজনৈতিক ও সামরিক প্রভাব থেকে স্থায়ীভাবে বেরিয়ে এসে ইউরোপের সঙ্গে নিজেদের ভবিষ্যৎ যুক্ত করাই কিয়েভের অন্যতম কৌশলগত লক্ষ্য। কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ইউক্রেনের প্রতি ইউরোপের একাংশের সমর্থন ততই চাপের মুখে পড়ছে। শরণার্থীর চাপ, কৃষিপণ্যের বাজারে প্রতিযোগিতা এবং ইউরোপীয় রাজনীতিতে ডানপন্থীদের উত্থানের কারণে সদস্যপদ নিয়ে বাড়ছে সংশয় ও বিরোধিতা।

২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেন থেকে বিপুলসংখ্যক মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেন। তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন পোল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের সাধারণ মানুষ। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে শরণার্থীদের নিয়ে অসন্তোষ এবং ইউক্রেনের সঙ্গে অর্থনৈতিক প্রতিযোগিতার আশঙ্কা বাড়ছে।

পূর্ব পোল্যান্ডের সীমান্তসংলগ্ন ওসচৌ-কলোনিয়া গ্রামের কৃষক মিরোস্লাভ হালেজের অবস্থান বদলের ঘটনাটি এই পরিবর্তনের একটি উদাহরণ। যুদ্ধের শুরুতে তিনি নিজ উদ্যোগে ইউক্রেনীয় শরণার্থীদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করেছিলেন। কিন্তু এখন ইউক্রেনীয় কৃষিপণ্য আমদানির বিরুদ্ধে পোল্যান্ডজুড়ে চলা আন্দোলনে সক্রিয় তিনি।

ওয়ারশ থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরের প্রায় ৭০ জন অধিবাসীর ছোট গ্রাম ওসচৌ-কলোনিয়ায় নিজের খামারে দাঁড়িয়ে ৬৩ বছর বয়সী হালেজ বলেন, ‘মানুষের মনোভাব স্পষ্টতই বদলে গেছে।’ গম, বিট ও সরিষা চাষ করেন তিনি।

হালেজের আশঙ্কা, ইউক্রেনের বিশাল কৃষি খাতের পণ্য শুল্কমুক্তভাবে ইউরোপীয় বাজারে প্রবেশের সুযোগ পেলে পোল্যান্ডসহ অন্যান্য দেশের কৃষকরা অসম প্রতিযোগিতার মুখে পড়বেন। ইউক্রেনে উৎপাদন ব্যয় ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের তুলনায় কম হওয়ায় বাজারে পণ্যের দাম কমে যেতে পারে। এতে স্থানীয় কৃষকদের আয় ও ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে বলে মনে করেন তিনি।

হালেজের ভাষায়, ‘আমাদের প্রধান উদ্বেগ হলো, আমাদের পণ্যের দাম একদম পড়ে যাবে। যদি বাজার উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে আমাদের বাঁচার কোনো সুযোগই থাকবে না।’

সদস্যপদ নিয়ে ইউরোপের ভেতরেই সংশয়

ইউক্রেনের ইইউতে যোগ দেওয়ার বিষয়টি শুধু যুদ্ধের সমাপ্তির সঙ্গে সম্পর্কিত নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে ইউরোপের অর্থনীতি, কৃষিনীতি, নিরাপত্তা ও রাজনৈতিক ভারসাম্যের প্রশ্ন। ইউরোপের কয়েকজন শীর্ষ নেতা আগামী কয়েক বছরের মধ্যে ইউক্রেনকে জোটে স্বাগত জানানোর আশাবাদ প্রকাশ করলেও ৪৫ কোটি মানুষের এই জোটে দেশটির অন্তর্ভুক্তি কতটা বাস্তবসম্মত, তা নিয়ে সংশয় বাড়ছে।

বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলা ইইউ সদস্যদেশগুলোর এক ডজনের বেশি কূটনীতিক ও কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইউক্রেনের সদস্যপদ পাওয়ার পথে বড় ধরনের বাধা রয়েছে। এ জন্য কিয়েভ ও ব্রাসেলস—উভয় পক্ষকেই দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

ইউরোপিয়ান স্ট্যাবিলিটি ইনিশিয়েটিভের চেয়ারম্যান জেরার্ড নাউস বলেন, ইইউর বিভিন্ন দেশে গিয়ে কথা বললে বোঝা যায়, সেখানকার শীর্ষ রাজনীতিকদের অনেকেই বিশ্বাস করেন না যে আগামী ১০ বছরের মধ্যে ইউক্রেন জোটটির সদস্য হতে পারবে।

তবে ইউক্রেনকে সদস্যপদের সম্ভাবনা থেকে দূরে রাখার কোনো ইঙ্গিত কিয়েভের জন্য হতাশাজনক হবে বলে মনে করেন তিনি।

যুদ্ধ, দুর্নীতি ও সংস্কারের কঠিন শর্ত

ইইউর সদস্য হতে হলে একটি প্রার্থী দেশকে রাজনৈতিক, গণতান্ত্রিক ও অর্থনৈতিক ক্ষেত্রে জোটটির নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হয়। এ জন্য আইন ও প্রতিষ্ঠান সংস্কার, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ আলোচনার প্রয়োজন হয়। শান্তিপূর্ণ পরিস্থিতিতে থাকা প্রার্থী দেশগুলোরও এ প্রক্রিয়া সম্পন্ন করতে বছরের পর বছর লেগে যায়।

ইউক্রেনের ক্ষেত্রে সেই চ্যালেঞ্জ আরও জটিল। দেশটি এখনো যুদ্ধের মধ্যে রয়েছে। পাশাপাশি দুর্নীতি, প্রশাসনিক সংস্কার এবং বিশাল অর্থনীতিকে ইইউর নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার মতো বিষয়ও রয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেওর্হি টাইখি বলেছেন, ইইউর কিছু সদস্যদেশের মধ্যে সংশয় থাকা স্বাভাবিক। তবে ইউক্রেনের অন্তর্ভুক্তি জোটটির জন্যও লাভজনক হবে বলে মনে করেন তিনি।

টাইখির বক্তব্য, ইউক্রেন কোনো সাধারণ আবেদনকারী দেশ নয়। ইউরোপের অন্যতম দক্ষ ও যুদ্ধ-অভিজ্ঞ সামরিক বাহিনী রয়েছে দেশটির, যার সদস্যসংখ্যা প্রায় ১০ লাখ। তাঁর মতে, ইউক্রেনের এই সামরিক সক্ষমতা ইউরোপের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে।

সর্বসম্মতির বাধা ও জনসমর্থনের পতন

ইউক্রেনের সদস্যপদের পথে বড় রাজনৈতিক বাধা হয়ে উঠছে ইউরোপের বিভিন্ন দেশে ডানপন্থী ও জনতোষণবাদী দলগুলোর উত্থান। ইইউর নিয়ম অনুযায়ী, নতুন কোনো দেশকে সদস্য করতে হলে জোটের ২৭টি সদস্যরাষ্ট্রের সর্বসম্মত অনুমোদন প্রয়োজন। ফলে এক বা একাধিক দেশের আপত্তিও পুরো প্রক্রিয়াকে আটকে দিতে পারে। ফ্রান্সের মতো দেশে এ বিষয়ে গণভোটের সম্ভাবনাও রয়েছে।

জার্মান রাজনৈতিক ফাউন্ডেশন বার্টেলসম্যান স্টিফটুংয়ের গত অক্টোবরের এক জরিপে ইউক্রেনের সদস্যপদ নিয়ে ইউরোপীয় নাগরিকদের সমর্থন কমে যাওয়ার চিত্র উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ইইউভুক্ত দেশগুলোর মাত্র ৪৭ শতাংশ নাগরিক মনে করেন, ভবিষ্যতে ইউক্রেনকে জোটে অন্তর্ভুক্ত করা উচিত। ২০২২ সালের মার্চে এ বিষয়ে সমর্থন ছিল ৬৯ শতাংশ।

জরিপে ফ্রান্স ও জার্মানিতে বিরোধিতার হারও উল্লেখযোগ্য। ফ্রান্সের ৫৭ শতাংশ এবং জার্মানির ৫৯ শতাংশ নাগরিক ইউক্রেনের ইইউ সদস্যপদের বিপক্ষে মত দিয়েছেন।

ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী ডানপন্থী নেত্রী মেরিন ল্য পেনও ইউক্রেনের সদস্যপদের বিরোধিতা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ইউক্রেন ইইউতে যোগ দিলে ফ্রান্সের নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তাঁর আশঙ্কা, এতে ফরাসি কৃষকরা অসম প্রতিযোগিতার মুখে পড়বেন এবং ইইউর কৃষি ভর্তুকিতে ফ্রান্সের অংশ কমে যাবে।

সব মিলিয়ে ইউক্রেনের ইইউতে যোগ দেওয়ার স্বপ্ন এখন একাধিক সংকটের মুখে। যুদ্ধের অবসান, দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি ইউরোপের অভ্যন্তরীণ রাজনৈতিক ঐকমত্য অর্জন করতে হবে কিয়েভকে। যুদ্ধের শুরুতে যে সংহতি ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল, দীর্ঘ সংঘাতের প্রভাবে সেই সমর্থনের একটি অংশে এখন ক্লান্তি ও বিরোধিতা তৈরি হয়েছে। ফলে সদস্যপদের লক্ষ্য অর্জনে ইউক্রেনকে শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিসরেও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

সূত্র: রয়টার্স

১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

২

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

৩

প্যাকিং মেশিনের ঘোষণায় এল সিগারেট তৈরির পুরো প্ল্যান্ট

৪

হুমকি-নিষেধাজ্ঞায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ হবে না: আইআরজিসি

৫

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৫

৬

হেগসেথের সফরসঙ্গীদের ধমক দিলেন সমাধিসৌধের প্রহরী

৭

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

৮

মূলধারার বাজারে যাবে গ্রামের পণ্য

৯

ইরানে ফের হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট

১০

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

১১

নিউ ইয়র্কে ভবন ধসে হতাহত ১৯

১২

পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর বড় কারণ নিউমোনিয়া

১৩

প্রকাশ্য ঘোষণার আগেই সৌদিতে মিসরের সেনা মোতায়েন

১৪

শীতের পোশাকে সেজেছে রাজধানীর বিপণিবিতান

১৫

সৌদি কমান্ড সেন্টারে হুথিদের হামলা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }