প্রথমবারের মতো ফিফার তত্ত্বাবধানে আয়োজিত হতে যাওয়া আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ফিফা ও টুর্নামেন্ট আয়োজকদের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আসন্ন আসিয়ান কাপে ভারতের খেলার কথা ছিল। তবে সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ থাকায় ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে। এরপর বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়। ফিফার পক্ষ থেকে বাংলাদেশ আগ্রহী কি না জানতে চাওয়া হলে গত শুক্রবার বাফুফের জাতীয় দল কমিটির জরুরি সভায় টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়। এরপর ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় ছিল বাফুফে।
গত এক সপ্তাহ ধরে আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছিল। জাতীয় দলের কোচ থমাস ডুলি হোম টুর্নামেন্টটিতে খেলার আগ্রহ দেখালেও আসিয়ান কাপে অংশ নেওয়ার বিষয়েও সম্মতি দেন। টুর্নামেন্টে অংশ নিতে বাফুফের কোনো খরচ হবে না। ফলে ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় ছিল সংশ্লিষ্টরা। অনুমোদন পাওয়ায় এখন বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় ফিফার তত্ত্বাবধানে আসিয়ান কাপ অনুষ্ঠিত হবে। ভারত যে ‘এ’ গ্রুপে ছিল, তাদের পরিবর্তে বাংলাদেশও একই গ্রুপে খেলবে বলে জানা গেছে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল বাংলাদেশি মুদ্রায় কয়েক কোটি টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া সেমিফাইনালে উঠলে এবং ম্যাচ জিতলেও অতিরিক্ত অর্থ পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
শু/আজা