সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে শিক্ষক সমিতির বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ইয়াকুব আলী তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী মন্ডল এবং কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাহবুবুল আলম পলাশ।
অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক মন্ডল ও রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সরকার রোম বাদশা বক্তব্য দেন। এ সময় সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শামীম হোসেন তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচটি বুথে ভোটগ্রহণ করা হয়। সমিতির ৩১ সদস্যের কমিটির ২৬টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি পাঁচটি পদে ভোট অনুষ্ঠিত হয়।
এই পাঁচটি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে চারজন, সাধারণ সম্পাদক পদে দুইজন, অতিরিক্ত সচিব পদে দুইজন, অর্থ সচিব পদে দুইজন এবং সহদপ্তর সম্পাদক পদে দুইজন প্রার্থী নির্বাচনে অংশ নেন। মোট ৫৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দাদপুর জি আর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল মান্নান তালুকদার।
দিনব্যাপী সম্মেলনকে ঘিরে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শু/আজা