এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে জুনিয়র এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল।
ম্যাচের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ওয়াং ইউবোর গোলে এগিয়ে যায় চীন। তবে এক মিনিট পরই জনি ইসলামের ফিল্ড গোলে সমতায় ফেরে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণও নেয় বাংলাদেশের যুবারা। ২৬ মিনিটে মেহেদী হাসানের ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। কিন্তু তৃতীয় কোয়ার্টারে রক্ষণভাগের ভুলে সেই লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে সমতায় ফেরান ছিউ ওয়েনশুয়ান। এরপর শেষ কোয়ার্টারে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই।
জয়ের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশও। কিন্তু পাওয়া কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। উল্টো ৫৩ মিনিটে সুন জিংরানের ফিল্ড গোলে প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে যায় চীন। শেষ পর্যন্ত ওই গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ফল।
জুনিয়র এশিয়া কাপে এটি বাংলাদেশের নবম অংশগ্রহণ। এই প্রতিযোগিতায় বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ১৯৯৬ সালে সেমিফাইনালে খেলা।
এবারের ১০ দলের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে পাকিস্তান, চীন, মালয়েশিয়া ও কাজাখস্তান। ‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশের পরের ম্যাচ আগামী রোববার। প্রতিপক্ষ মালয়েশিয়া।