ইরাকের সুলেমানিয়াতে চলমান এশিয়া কাপ আর্চারি স্টেজ-দুইয়ের নারী কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের বন্যা আক্তার। মঙ্গলবার অনুষ্ঠিত সেমিফাইনালে নিজ দেশের কুলসুম আক্তার মনিকে রোমাঞ্চকর লড়াইয়ে হারিয়ে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করেন তিনি।
কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে আগেই পৌঁছেছিলেন বন্যা। এবার মনিকে ১৪২-১৪১ স্কোরে হারিয়ে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠেয় সোনার লড়াইয়ে জায়গা নিশ্চিত করেন তিনি। ফাইনালে তার প্রতিপক্ষ কাজাখস্তানের বুরলেভা মিলানা।
অন্যদিকে, অনভিজ্ঞ সাইমা সালাহ উদ্দিন চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়ে উঠেছেন নারী রিকার্ভ ইভেন্টের ফাইনালে। সেমিফাইনালে কাজাখস্তানেরই আলেক্সান্দ্রা জেমলিয়ানোভাকে ৬-৪ ব্যবধানে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেন তিনি। ২৯ নভেম্বরের ফাইনালে সাইমার প্রতিপক্ষ ইরানের ফাল্লাহ মোবিনা।
বন্যার কাছে সেমিফাইনালে স্রেফ এক পয়েন্টের ব্যবধানে হেরে গেলেও এখনও টুর্নামেন্টের পোডিয়ামে ওঠার সুযোগ রয়েছে মনির সামনে। তিনি খেলবেন ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে।
তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে বাংলাদেশের জন্য দিনটি হবে ব্যস্ততার। মঙ্গলবার সেমিফাইনালে হেরে যাওয়া আবদুর রহমান আলিফ আর নেওয়াজ আহমেদ রাকিবও যথাক্রমে রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে লড়বেন ব্রোঞ্জ পদকের জন্য।