শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে ফিরছেন লিওনেল মেসি! আর্জেন্টাইন সংবাদমাধ্যমের এমন খবরে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন, ২০২৭ সালের জানুয়ারিতেই নিজের পুরোনো ঠিকানায় ফিরতে পারেন বিশ্বকাপজয়ী এই তারকা। তবে সেই সম্ভাবনায় আপাতত পানি ঢেলে দিয়েছেন দলবদলের বিশ্বস্ত সূত্র হিসেবে পরিচিত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তাঁর দাবি, ইন্টার মায়ামি ছাড়ার কোনো পরিকল্পনা নেই মেসির। বরং ২০২৮ সাল পর্যন্ত চুক্তি পূরণ করেই যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে থাকতে চান তিনি।
বর্তমানে ৩৯ বছর বয়সী মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি রয়েছে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত। ২০২৫ সালের অক্টোবরে নতুন করে তিন বছরের চুক্তিতে সই করেছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। ফলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর আর্জেন্টিনায় ফেরার খবর স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি আর্জেন্টিনার রোজারিওভিত্তিক সংবাদমাধ্যমে মেসির নিউয়েলসে ফেরার সম্ভাবনা নিয়ে খবর প্রকাশিত হয়। স্থানীয় সাংবাদিক গঞ্জালো কালভিজিওনি দাবি করেন, নিউয়েলসে ফেরার এত কাছাকাছি আগে কখনো আসেননি মেসি। ২০২৭ সালের জানুয়ারিতে তাঁকে দলে পাওয়ার আশাও করছে ক্লাবটি।
তবে ৩০ অক্টোবর নিজের ইউটিউব চ্যানেলে মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন ফ্যাব্রিজিও রোমানো। তাঁর ভাষ্য, নিউয়েলস ওল্ড বয়েজে ফেরার বিষয়ে মেসির সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। এমনকি ইন্টার মায়ামি থেকে ধারে আর্জেন্টিনার ক্লাবটিতে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই।
রোমানো বলেন, ‘মেসির নিউয়েলস ওল্ড বয়েজে ফেরার বিষয়ে আর্জেন্টিনা থেকে খবর আসছে। কিন্তু আমি যে তথ্য পাচ্ছি, তাতে এমন কোনো আলোচনা নেই। ধারে নিউয়েলসে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই।’
মেসি ও তাঁর পরিবার মায়ামিতে বেশ ভালো আছেন বলেও জানিয়েছেন রোমানো। তাঁর মতে, যুক্তরাষ্ট্রে বর্তমান জীবনযাপন নিয়ে সন্তুষ্ট মেসি। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে তাঁর। অন্তত ২০২৮ সাল পর্যন্ত এই চুক্তি পূরণ করতে চান আর্জেন্টাইন অধিনায়ক। এরপর মায়ামিতে থাকবেন, নাকি নতুন কোনো সিদ্ধান্ত নেবেন, সেটি নির্ভর করবে তাঁর ইচ্ছা ও শারীরিক অবস্থার ওপর।
তবে নিউয়েলসের পক্ষ থেকে মেসিকে ফেরানোর আগ্রহ নতুন নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্লাবটির সহসভাপতি হুয়ান ম্যানুয়েল মেদিনা জানিয়েছিলেন, ২০২৭ সালের প্রথমার্ধে মেসিকে নিউয়েলসে খেলানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে ক্লাব। বিষয়টি শুধু নিউয়েলসের নয়, বরং রোজারিও শহর, সান্তা ফে প্রদেশ এবং আর্জেন্টিনার ফুটবলের বৃহত্তর একটি প্রকল্প। তবে তখনই তিনি স্পষ্ট করেছিলেন, বিষয়টি চূড়ান্ত নয়।
উল্লেখ্য, মাত্র ছয় বছর বয়সে নিউয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে যোগ দিয়েছিলেন মেসি। ১৩ বছর বয়সে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় যোগ দিতে স্পেন পাড়ি জমান তিনি। এরপর ফুটবল ক্যারিয়ারে একের পর এক সাফল্য পেলেও শৈশবের ক্লাবটির হয়ে কখনো সিনিয়র পর্যায়ে খেলা হয়নি তাঁর। তাই নিউয়েলসে ফেরা মেসির ভক্তদের কাছে দীর্ঘদিনের আবেগের বিষয়।
এদিকে মাঠের বাইরেও তরুণ ফুটবলারদের নিয়ে কাজ করছেন মেসি। তাঁর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় সংস্করণের মেসি কাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ১ নভেম্বর। তরুণ প্রতিভা খুঁজে বের করা এবং তাদের আন্তর্জাতিক ফুটবলে নিজেদের তুলে ধরার সুযোগ করে দেওয়াই এই আয়োজনের লক্ষ্য।
সব মিলিয়ে নিউয়েলসে ফেরার স্বপ্ন এখনই বাস্তবে রূপ নিচ্ছে না। আর্জেন্টিনায় ফেরার আলোচনা থাকলেও মেসির বর্তমান ঠিকানা ইন্টার মায়ামি। অন্তত ২০২৮ সাল পর্যন্ত তাঁর ভবিষ্যৎ নিয়ে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই।