ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি দেখা গেছে। এতে সাইটটি সাইবার হামলা বা হ্যাকিংয়ের শিকার হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি দেখা যায়। এ সময় ওয়েবসাইটের পেছনে মিউজিকও শোনা যাচ্ছিল। পোর্টালটির স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে এসব ছবি ও রাজনৈতিক বার্তা প্রদর্শিত হচ্ছিল।
ঘটনার পর ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। তবে ওয়েবসাইটটি হ্যাক হয়েছে, নাকি কারিগরি কোনো সমস্যার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন সংবাদমাধ্যম। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য এবং পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।
ঘটনার বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোনে ও মুঠোফোনে বার্তা পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁদের কারও বক্তব্য পাওয়া যায়নি।