ফাইনালে নবারেরহাট আদর্শ ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে দলটি; গোলরক্ষক অন্তর কুমার রায়কে বিকেএসপিতে ভর্তির দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তুলতে লালমনিরহাটে অনুষ্ঠিত জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শেষ হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নবারেরহাট আদর্শ ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা ক্রীড়া চক্র।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক টুর্নামেন্টের আয়োজন ও কিশোর খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেন। তিনি বলেন, সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণ দেওয়া হলে এই উদীয়মান কিশোরদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় দলের জন্য মানসম্মত ফুটবলার তৈরি করা সম্ভব।
ফাইনালে দারুণ নৈপুণ্য দেখানো বসুন্ধরা ক্রীড়া চক্রের গোলরক্ষক অন্তর কুমার রায়ের প্রতিভার প্রশংসা করে প্রতিমন্ত্রী তাঁকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি এবং তাঁর যাবতীয় দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বিগত ১৭ বছরের রাজনৈতিক অচলাবস্থার কারণে খেলাধুলা মাঠ থেকে প্রায় হারিয়ে গিয়েছিল এবং স্টেডিয়ামগুলোতে তালা ঝুলছিল। ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহে এ ধরনের উদ্যোগ আবারও চালু হয়েছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
টুর্নামেন্টে ১৬টি ক্লাব অংশ নেয়। সফলভাবে আয়োজন সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের সুস্থ ও সুন্দর জীবনের পথ দেখাতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।