দিলারার অপরাজিত ৬৮, রাবেয়ার তিন উইকেটে সহজ জয় টাইগ্রেসদের
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সোবহানা মোস্তারির দল। জিম্বাবুয়ের দেওয়া ১৩২ রানের লক্ষ্য মাত্র ১৫ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ। হারায় মাত্র একটি উইকেট।
রান তাড়ায় বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন দুই উদ্বোধনী ব্যাটার দিলারা আক্তার ও সাথী রানি। তাঁদের ১০৪ রানের উদ্বোধনী জুটিতে সহজ হয়ে যায় জয়ের পথ। ৪৩ বলে ৪৫ রান করে সাথী ফিরলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন দিলারা। ৬৮ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। তাঁর সঙ্গে অপরাজিত ছিলেন শারমিন আক্তার, করেন ৬ রান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। শুরুটা ভালোই ছিল তাদের। প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩১ রান তোলে দলটি। সপ্তম ওভারে বিলাভড বিজাকে ১২ রানে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন রাবেয়া খান।
এরপর শের্ন মেয়ার্স কোনো রান না করেই বিদায় নেন। অন্য ওপেনার কেলিস এনদোভলুর ব্যাট থেকে আসে ২২ রান। চতুর্থ উইকেটে চিপো-মুগেরি ত্রিপানো ও অধিনায়ক জোসেফিন এনকোমো বড় জুটি গড়ে দলকে এক শ রানের গণ্ডি পার করান। ত্রিপানো ৩০ বলে ৪০ রান করেন। অধিনায়ক এনকোমোর সংগ্রহ ৩৫ রান।
এ ছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান করেন। নির্ধারিত ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৩১ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান। তিনি নেন তিনটি উইকেট। দিশা বিশ্বাস পান দুটি উইকেট। একটি উইকেট নেন রিতুমনি।
পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে হারের পর এই জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বাড়াবে। টুর্নামেন্টে পরের ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা ধরে রাখাই এখন সোবহানা মোস্তারির দলের লক্ষ্য।