জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু অভিযোগ করেছেন, গত সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে তাঁকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও একাধিকবার এমন হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে আবেগপ্রবণ হয়ে পড়া এবং একপর্যায়ে মেজাজ হারানোর ঘটনার ব্যাখ্যা দিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন মাহমুদা মিতু।
পোস্টে তিনি লেখেন, সংসদে সেদিন তিনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং একপর্যায়ে মেজাজও হারান। তাঁর ভাষ্য, শত শত শহীদের রক্ত ও আহত ব্যক্তিদের ত্যাগের বিনিময়ে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলনের সমন্বয়ক হান্নান মাসউদ এবং এক দফার ঘোষক নাহিদ ইসলামের আত্মত্যাগের কথাও উল্লেখ করেন তিনি।
মাহমুদা মিতুর অভিযোগ, সংসদে যুক্তি দিয়ে কথা বলতে না পেরে কাউকে ‘তুই-তুকারি’ করা হচ্ছে, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে। তাঁর ভাষায়, কথায় না পারলেই কাউকে বেয়াদব আখ্যা দেওয়া হয়।
সংসদে সংসদ সদস্য হান্নান মাসউদকে উদ্দেশ করে বারবার ‘বস, বস’ ও ‘বেয়াদব’ বলা হচ্ছিল উল্লেখ করে তিনি লেখেন, তখন তিনি চিৎকার করে বলছিলেন, হত্যার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা তাঁদেরই মোকাবিলা করতে হয়। তাঁর অভিযোগ, আঁতাত করে চলা ব্যক্তিরা বাবা-মা, সন্তান ও নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করার বাস্তবতা বুঝতে পারবেন না।
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাহমুদা মিতু লেখেন, গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও এমন হুমকি পেয়েছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে বললেও নুসরাতের ঘটনার মতো এটিকে লঘু করে দেখানোর চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
পোস্টের শেষাংশে শহীদ ওসমান হাদির একটি বক্তব্য স্মরণ করেন মাহমুদা মিতু। তিনি লেখেন, ‘হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’