‘হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন’—বিরোধী শক্তির উদ্দেশে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, যারা নৈরাজ্য, খুন, হত্যা ও গুমের দায় নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন, তারা আবার ডিসেম্বরে আসার কথা বলছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এলাকায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে সকালে নান্দাইল চৌরাস্তা এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মহাসড়কের পাশে একটি যাত্রীছাউনিতে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, যারা নৈরাজ্য, খুন, হত্যা ও গুমের দায় নিয়ে গণ-অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে গিয়েছে, তারা আবার বলতেছে ডিসেম্বরে আসবে। আরে হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন। দেশের জনগণই আপনাদের সঠিক বিচার করবে।
বিরোধী শক্তির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, ‘কাকে ভয় দেখান? ৭১ সালে দেখিয়েছেন, ৯০-এ দেখিয়েছেন, ৯৬-এ দেখিয়েছেন এবং সর্বশেষ ২০২৪ সালেও দেখিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি।’
দেশের মাটিতেই প্রতিটি হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেসব মায়েদের বুক খালি করেছেন, তারা আজ কী অবস্থায় আছে তা দেখে যান। প্রতিটি অপরাধের জন্য পইপই করে জবাব দিতে হবে।
সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।