বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের দুটি নির্ধারিত ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই দিনে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ফ্লাইট জরুরি অবতরণ করায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল। পরে ফ্লাইটটি নিরাপদে অবতরণের পর রানওয়ে খুলে দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ রিয়াদ রুটের ফ্লাইট স্থগিতের বিষয়টি জানায়। ফ্লাইট দুটি হলো বিজি-৩৩৯ ও বিজি-৩৪০। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য পরিচালনগত কারণে ফ্লাইট দুটি স্থগিত করা হয়েছে। এসব ফ্লাইটের যাত্রীদের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিমান কর্তৃপক্ষ আরও জানায়, পরিস্থিতি পর্যালোচনা করে ফ্লাইটগুলোর সময়সূচি বা পরবর্তী অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এ ঘটনায় যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তার জন্য বিমানের কল সেন্টার অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।
রানওয়ে বন্ধ ছিল ৪০ মিনিট
এদিকে শনিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের একটি ফ্লাইটের জরুরি অবতরণকে কেন্দ্র করে রানওয়ে বন্ধ রাখা হয়। বিকেল ৩টার দিকে রানওয়ে বন্ধ হওয়ার পর উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করলে বিকেল ৩টা ৪০ মিনিট থেকে আবার ফ্লাইট চলাচল শুরু হয়।
বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, রানওয়ে বন্ধ থাকায় নেপালের কাঠমান্ডু থেকে আসা হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে অপেক্ষা করছিল। রানওয়ে চালু হওয়ার পর ওই ফ্লাইটটি প্রথম অবতরণ করে। এরপর অন্যান্য ফ্লাইটের ওঠানামাও স্বাভাবিক হতে শুরু করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে ঢাকাগামী একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। ফ্লাইটটির ঢাকায় অবতরণের নির্ধারিত সময় ছিল দুপুর আড়াইটা। তবে ত্রুটির কারণে উড়োজাহাজটি ঢাকার আকাশে কিছু সময় চক্কর দেয়। পরে বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করে।
বিমানের জনসংযোগ বিভাগের এক বার্তায় জানানো হয়, ফ্লাইটটির যাত্রী ও ক্রুরা নিরাপদে পৌঁছেছেন। অনিবার্য পরিচালনগত ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে বিলম্ব হয়েছিল।