বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে আইএসপিআর বলেছে, এসব তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে।”
এ ধরনের অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে আইএসপিআর। একই সঙ্গে সেনাবাহিনীর শৃঙ্খলা ও পেশাদারত্বের বিষয়টি তুলে ধরে বিবৃতিতে বলা হয়, “সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ এবং দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ।”
সেনাবাহিনী ও সেনাপ্রধান সম্পর্কে কোনো তথ্য জানার ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করারও আহ্বান জানিয়েছে আইএসপিআর।