প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরে ব্যবহৃত বাসের ছবি নিয়ে ফেসবুকে করা একটি পোস্টে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ঘটনায় আবু বক্কর সিদ্দিকী নামের এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার গভীর রাতে রাজশাহীর পবা উপজেলার কচুয়াতৈল এলাকার বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইশতিয়াক আটকের বিষয়টি জানান।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ ও এসআরবির সহায়তায় তাঁকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ডিএমপির হেফাজতে রয়েছেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলামও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করা আবু বক্কর সিদ্দিকীকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
যে মন্তব্য ঘিরে বিতর্ক
‘দ্য বিউটি অব রাজশাহী’ (The Beauty of Rajshahi) নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে একটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, “সবই বুঝলাম রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই, রুয়েটের বাসে কেন? আপনারা কি জানেন রাজশাহীবাসী”? ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, “ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।”
মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। বুধবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানিয়েছিলেন, মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই মন্তব্যের সূত্র ধরেই সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত ও আটক করা হয়। তবে মন্তব্যটির উদ্দেশ্য, এর সঙ্গে কোনো বাস্তব পরিকল্পনার যোগসূত্র রয়েছে কি না এবং অন্য কেউ এতে জড়িত কি না, তা জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।
রুয়েটের বাসে প্রধানমন্ত্রীর সফর
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে তিনি নগরীতে প্রবেশ করেন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী। পরে একই বাসে করে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে একটি মন্দির পরিদর্শন শেষে ওই বাসেই শাহ মখদুম বিমানবন্দরে ফিরে যান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসের ছবি নিয়ে করা পোস্টে মন্তব্যটি প্রকাশ্যে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্তে নামে।
বিএনপি নেতাদের প্রতিক্রিয়া
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে করা মন্তব্যের ভাষা ও প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহীর বিএনপি নেতারা। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, “প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি।”
আটক যুবককে জিজ্ঞাসাবাদের পর মন্তব্যটির প্রকৃত উদ্দেশ্য ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তি বা পক্ষের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।