তরুণ প্রজন্মকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকের তরুণ ও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব। তাদের মধ্যেই নতুন বাংলাদেশ ও নতুন স্বপ্নের প্রতিচ্ছবি দেখতে পান তিনি।
সোমবার (২৬ অক্টোবর) বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
সম্প্রতি জারি করা ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা ২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের এ আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত শিক্ষার্থী ও শিক্ষকরা এতে অংশ নেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে দরবার হলে রাষ্ট্রপতি তাদের উদ্দেশে বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপচারিতার সুযোগ পান শিক্ষার্থীরা।
বক্তব্যে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বাবা-মা, শিক্ষক ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেন। তিনি বলেন, বাবা-মায়ের আত্মত্যাগের কথা মনে রেখে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে। সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারলে একদিকে যেমন : বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে, অন্যদিকে জাতির প্রত্যাশাও পূরণ হবে।
বঙ্গভবনের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এটি শুধু একটি ভবন নয়; বরং রাষ্ট্রের প্রতীক ও ইতিহাসের সাক্ষী। রাষ্ট্র, বঙ্গভবনের ইতিহাস-ঐতিহ্য এবং ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ভবিষ্যতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।
বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার জন্য তাঁদের প্রতি আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।