জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রিজভী জানান, ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন নয়াপল্টন থেকে কেন্দ্রীয়ভাবে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় কার্যালয় থেকেও র্যালি বের করা হবে। তিনি বলেন, দিবসটি উপলক্ষে সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ সময় ফাতেহা পাঠ করা হবে।
বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনও দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করবে। এসব সংগঠনের উদ্যোগে পোস্টার প্রকাশ ও আলোচনা সভার আয়োজন করা হবে। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে।
রিজভী জানান, জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব জেলাতেও অনুরূপ কর্মসূচি পালন করা হবে। বিএনপির বাইরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও দিবসটি উপলক্ষে কর্মসূচি পালনের কথা জানিয়েছে।
বিএনপির আলোচনা সভার তারিখ দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেতাদের আলোচনার পর চূড়ান্ত করা হবে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ৬ নভেম্বরের কথা উল্লেখ করেন রিজভী।