কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল-সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ জেলা শহর।সরকারি সেবা
আজ রোববার সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন দলটির নেতা-কর্মীরা। তাঁদের মিছিলে পুলিশের ব্যারিকেড ভাঙচুর, একটি সুপারশপের কাচ ভাঙচুর ও বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার পর জেলা সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে নেতা-কর্মীরা শহরে আসতে শুরু করেন। পরে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন তাঁরা। দুপুর ১২টার দিকে সেখান থেকে মিছিল বের করেন নেতা-কর্মীরা।
মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন মিছিলকারীরা। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। মিছিলে বিপুলসংখ্যক নেতা-কর্মীর পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। এ সময় অনেকের হাতে লগি-বৈঠা দেখা যায়।সরকারি সেবা
মিছিল চলাকালে শহরের এফএনএফ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালানো হয়। দুপুর ১টা পর্যন্ত নেতা-কর্মীরা শহরে অবস্থান করেন। পরে তাঁরা নিজ নিজ অবস্থানে ফিরে যান।
এদিকে গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বরের’ নাম পরিবর্তন করে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ করা হয়।কর্মসূচি ঘিরে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে লঞ্চঘাট, বাজার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ ছাড়াও বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্য মোতায়েন করা হয়। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও।
মিছিল ঘিরে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।