সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও জনগণের ভোগান্তি কমাতে নওগাঁ জেলায় প্রথমবারের মতো চালু হয়েছে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম।
নওগাঁ জেলা ট্রাফিক পুলিশ সড়ক পরিবহন আইন অনুযায়ী যানবাহন চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। পূর্বে জরিমানা পরিশোধ করতে হতো শুধু নির্ধারিত ব্যাংক বুথ থেকে। ফলে চালকদের অপেক্ষা করতে হতো, প্রয়োজনীয় কাগজপত্র আটক রাখা হতো এবং নির্দিষ্ট স্থানে গিয়ে জরিমানা মেটাতে হতো।
নতুন ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমে এসব ঝামেলা দূর হয়েছে। পুলিশ অফিসার নওগাঁ জেলার যেকোনো স্থানে যানবাহন জরিমানা করলেই চালক সেখানেই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ, নগদ বা অন্যান্য অনলাইন ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের চ্যানেল ব্যবহার করে তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করতে পারবেন। জরিমানা পরিশোধের সঙ্গে সঙ্গে কোনো ডকুমেন্ট জব্দ করা হবে না। তবে নগদ টাকায় জরিমানা পরিশোধের কোনো সুযোগ নেই। নতুন পদ্ধতির পাশাপাশি পুরনো পদ্ধতিও চালু থাকবে।
পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ট্রাফিক পুলিশের ই-প্রসিকিউশনের নতুন এই পদ্ধতি জরিমানা প্রদানে জনগণের ভোগান্তি কিছুটা লাঘব করবে। সেই সঙ্গে ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থাপনা আরও আধুনিকায়ন হবে।