বাসায় সবার সঙ্গে আলোচনা ছাড়াই আমি ক্লাস নাইনে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলাম। নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগে (১৯৭৪ সালে) উত্তীর্ণ হওয়ার পর তোলারাম কলেজে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে ভর্তি হই। মাধ্যমিকের লাড্ডু মার্কা ফলাফলের পর উচ্চ মাধ্যমিকে ভর্তির আগে বিভাগ পরিবর্তন করা আমার জন্য জরুরি ছিল। তখন বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ ছিল। মা বলতেন, ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’। মনে হয় আমার ম্যাচুরিটির অভাব ছিল তখন। আমরা তখন খানপুর হামিদ মিয়ার বাড়িতে ভাড়া থাকি। প্রতিদিন সকালে খানপুর থেকে কলেজে যাওয়ার জন্য আমি ডি-ট্যুর করেছি। বন্ধু নুর ইসলামের বাসা ছিল ব্যাংক কলোনি। প্রতিদিন আমার বাসা থেকে নুর ইসলামকে সঙ্গে নিয়ে খানপুর-ব্যাংক কলোনি-মিশনপাড়া-চাষাঢ়া হয়ে কলেজে গিয়েছি।
তখন স্যারদের মধ্যে বিজ্ঞান বিভাগের পদার্থ বিদ্যায় ছিলেন ভবেশ চন্দ্র রায় ও অরুণ কান্তি রায় স্যার, রসায়নে কিশোরী মোহন দেবনাথ ও আবদুল হালিম স্যার, বায়োলজির বিভাগীয় প্রধান ছিলেন হাবিবুর রহমান এ ছাড়া ছিলেন কবীর চৌধুরী ও উদ্ভিদবিদ্যায় হেলাল উদ্দিন স্যার, বাংলায় বুলবুল চৌধুরী ও কাজী শাহাদাত হোসেন স্যার, ইংরেজিতে করুণাময় গোস্বামী ও ঢাকা থেকে আসতেন বজলুর রহমান পরে স্নাতক পর্যায়ে মজুমদার স্যারকে পেয়েছি। করুণাময় গোস্বামী স্যারের অনুজ কিশলয় গোস্বামী স্যার রসায়নে ছিলেন, পরে তিনি সপরিবারে আমেরিকা এবং ভবেশ স্যার ও দেবনাথ স্যার সপরিবারে ভারতে চলে যান। আমাদের ক্লাসে ঢোকার সময় বাঁ দিকের কয়েকটা বেঞ্চ ছাত্রীদের জন্য বরাদ্দ ছিল। নববর্ষ উপলক্ষে স্যারদের খেতাব দেওয়া হয়েছিল। সেটি যেমন বেশ চমকপ্রদ ছিল, তেমনি কয়েকটি খেতাব নিয়ে খুব সমালোচনার ঝড় উঠেছিল।
.আমি ১৯৭৪ সালের ব্যাচে মাধ্যমিকের ছাত্র ছিলাম, এ জন্য উচ্চ মাধ্যমিকে ১৯৭৬ সালের ব্যাচ। বিভিন্ন কারণে সরকার ১৯৭৬ ও ১৯৭৭ সালের দুটি ব্যাচ একত্রিত করেন। ছিয়াত্তর সালের ব্যাচের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দেওয়া ও ফলাফল প্রকাশ হওয়ার পর তাঁরা অপেক্ষায় ছিল, সাতাত্তর সালের ব্যাচের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফল প্রকাশের পর দুটি ব্যাচ একত্র হয়ে বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ভর্তির দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।। কয়েক দিন চাষাঢ়ায় ভবেশ স্যারের বাসায় গিয়ে ফিজিক্সের তালিম নিই। দেখি স্যার শুধুই নোট সরবরাহ করেন, সবাই লেখালেখিতে ব্যস্ত। রণে ভঙ্গ দিয়ে কয়েকজন একসঙ্গে দেবনাথ স্যারের বাসায় গিয়ে কেমেস্ট্রি পড়ি। স্যার কলেজ রোডে থাকতেন। বার একাডেমি স্কুলের কাছে কবীর স্যার তাঁর এক আত্মীয়ের বাসায় থাকতেন। আমার বাসার খুব কাছেই ছিল তাঁর বাসা। খুব সকালে স্যারের বাসায় যেতাম, তিনি বিছানার মশারি খুলে আমাদের পড়াতে বসতেন। দেখেছি অনেকেই স্যারদের কাছে বাংলা বিষয় পড়েছে। আরেকটু বেশি প্রস্তুতি নেওয়া ও ভালো ফলের আশায় ছিয়াত্তর সালে ড্রপ দিয়ে সাতাত্তর সালে পরীক্ষা দিই। কোনো বিষয়ে আব্বা অসন্তুষ্ট হলে বলতেন, ঘোড়ার ডিম। ড্রপ দেওয়ার পরও আমার রেজাল্ট হলো ঘোড়ার ডিম। ফলাফল আশানুরূপ না হওয়ায় বিভাগ পরিবর্তন করে স্নাতকে আর্টস গ্রুপে ভর্তি হই। স্বাধীনতার পর আব্বা পাটের ব্যবসায় দুবার ভয়াবহ ক্ষতির সম্মুখীন হন। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফির টাকা সেজ ভাই আমাকে দিয়ে বললেন, কলেজে গিয়ে মন্টু ঘোষের সঙ্গে দেখা করিস। রাজনীতিবিদ মন্টুদার হাতে ফর্ম ফিলাপের টাকা দিই। তিনি কলেজের ফি মওকুফ করে শুধু বোর্ডের ফির টাকা জমা দেন। বার একাডেমি স্কুলে ক্লাস সিক্স ও সেভেনে বৎসরের শুরুতে হাফ ফ্রি ও ফুল ফ্রির জন্য স্যার ক্লাসে ফর্ম দিতেন। আমি চাইলে বলতেন, তুই পাবি না তরে আমি চিনি। সেটাই এলো তবে অনেক দেরিতে মন্টুদার হাত হয়ে। সৃষ্টিকর্তা জানেন, কখন কার জীবনে কী প্রয়োজন! দেবনাথ স্যারের কাছে তিন মাস পড়েছি। বাসা থেকে এক মাসের টিউশন ফি দেওয়ার পর বাকি দুই মাসের ফি আমার সঞ্চয়ী হিসাব অ্যাকাউন্ট থেকে তুলে দিই। কলেজে যাওয়ার সময় প্রতিদিন মেজদা আমাকে হাত খরচের জন্য এক টাকা ও কিছুদিন পর থেকে প্রতিদিন দুই টাকা দিতেন। চাষাঢ়া রেললাইনের কাছে ঘোষ ও মনু বাবুর চায়ের দোকান ছিল। ক্লাসের ফাঁকে দোকানে গিয়ে চা, শিঙাড়া খেয়ে টুকটাক আড্ডা দিই।
.স্নাতকে ভর্তির পর সিরিয়াসলি ক্লাস করতে পারিনি। পরীক্ষার প্রস্তুতির জন্য স্যারদের বাসায় দৌড়ঝাঁপ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং থেকে পাঁচ বছরের পুরাতন প্রশ্নপত্র সংগ্রহ করে আনি। বিষয়ভিত্তিক প্রশ্ন নিয়ে প্রথমে বই ঘাঁটাঘাঁটি করি। উত্তর খুঁজে না পেলে রাষ্ট্রবিজ্ঞানের জন্য জহির স্যার ও সমাজকল্যাণের শামসুদ্দিন স্যারের বাসায় যাই শতাধিকবার। তাঁদের আন্তরিক সাহায্য–সহযোগিতা আমাকে আবেগাপ্লুত করে। আদিকালে গুরু–শিষ্য পরম্পরা যেমন ছিল তেমনই ছিল আমার প্রতি তাঁদের এই সম্পর্ক। সায়েন্সের ছাত্র থেকে আর্টসের ছাত্র হওয়ার পর স্যারদের এই স্নেহে স্নাত হওয়ার পর আমার উপলব্ধি হলো, স্যারেরা চেষ্টা করলে ছাত্রদের ব্যাচভুক্ত না করেও বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন। জহির স্যারের বাসায় গেলে প্রতিবারই চা-বিস্কুট আর শামসুদ্দিন স্যারের বাসায় প্রতিবারই থাকত চা ও মুড়ি। স্নাতকের পরীক্ষার আগে বড় দুই ভাইয়ের বিয়ের কারণে আবার ড্রপ দিই। ১৯৮০ সালের ব্যাচে স্নাতকের ফলাফল প্রকাশিত হলে পরিচিত এক বড় ভাই আমাকে চাষাঢ়ায় পাকড়াও করে মনু বাবুর দোকানে নিয়ে মিষ্টি খাওয়ালেন। বললেন, ছোট ভাই মিষ্টি খাও, বিএ পাস করা অনেক কঠিন আমি জানি।
.দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com.
আমার ছোট মামি বাসায় এসে বললেন, তোমার কলেজের হৃদয় স্যারকে গিয়ে বলো আমি তাঁর সঙ্গে কথা বলব। মামি, হৃদয় নামের কোনো স্যার তো কলেজে নেই। তুমি জানো না, কেমিস্ট্রির তোমার হালিম স্যারের ডাক নাম হৃদয়। শামসুদ্দিন স্যার, হালিম স্যার ও হেলাল স্যার তিনজনের বাসা ছিল মাসদাইর স্টেডিয়ামের পশ্চিম দিকে। মামি আমাদের জামতলার বাসায় এলে প্রতিবারই হালিম স্যারকে সংবাদ দিই, ড্রয়িংরুমে স্যার ও মামি দুজনে গল্প করতেন। ‘কী কথা তাহার সঙ্গে? তার সঙ্গে!’ ফার্স্ট ইয়ারে থাকাকালীন সাদা-কালো টিভিতে ‘ইডিয়ট’ নাটক প্রচারিত হয়। নাটক দেখার পর নাটকের দৃশ্যের কয়েকটি ভুল নিয়ে বিচিত্রার পাঠকের পাতায় লিখেছিলাম। ভবেশ স্যার ক্লাসে বললেন, তুমি বিচিত্রায় চিঠি লিখেছো তো ঠিকানায় তোলারাম কলেজ লিখলে না কেন? ক্লাস নাইনে সহপাঠী শফিকুর রহমান রতনের সঙ্গে বন্ধুত্ব হয়। রতনের বড় বোন নার্গিস আপার সঙ্গে জহির স্যারের বিয়ে হয়। তখন তাঁকে দুলাভাই সম্বোধন করেছি। কলেজে ভর্তি হওয়ার পর কলেজ ক্যাম্পাসে তাঁকে স্যার সম্বোধন করি। চাষাঢ়া অথবা আলম কেবিনের সামনে দেখা হলেই বলেছি, দুলাভাই দুইটা টাকা দেন চা-শিঙাড়া খাব। মাঝেমধ্যে দিতেন ঠিকই, কখনো কখনো অনাবিল হাসি উপহার দিয়ে একটু ঝুঁকে খালি পকেট দেখিয়ে বলতেন, শালা টাকা নাই যে। দিগবাবুর বাজারে জহির স্যারের বড় ভাইয়ের প্রেস ছিল। স্যার তাঁর কাজের ফাঁকে ওই প্রেস দেখাশোনা করতেন। স্যুট-টাই পরিহিত জহির স্যার বাসা থেকে হেঁটেই প্রেসে যেতেন। পারিবারিক কারণে সায়েন্স বিভাগের স্যারেরা আমাকে চিনতেন আর ব্যক্তিগতভাবে নিজগুণে আর্টস বিভাগের স্যারদের সঙ্গে আমার হৃদ্যতা গড়ে ওঠে। জামতলায় নজরুল আলম মিন্টুর বাসায় ইংরেজির মজুমদার স্যার ভাড়া থাকতেন। ঘরটি ছিল কাঠের পাটাতন ও পানির ওপরে। ঘর দেখেই মনে হলো এই জাতীয় ঘর তো আমার চিরচেনা, এই ঘর যে বিক্রমপুরবাসীদের ঐতিহ্য। বড় দুই ভাইয়ের বিয়ের কারণে খানপুরের সঙ্গে চিরবিচ্ছেদ ঘটিয়ে জামতলায় ঠাঁই নিই। তখন অর্থনীতির জসীম উদ্দিন স্যারের সঙ্গে হৃদ্যতা হয় এবং মিন্টুর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। শামসুল হুদা স্যার আমাকে চিনতেন, এটি আমার জানা ছিল না। জাপানে আলোকচিত্র প্রতিযোগিতায় আমার একটি ছবি পুরস্কৃত হয়। হুদা স্যারের সঙ্গে ঢাকাগামী বাসে দেখা হলে স্যার বললেন, শুনলাম তোমার একটা ছবি পুরস্কার পেয়েছে আমাকে ছবিসহ প্রেস রিলিজ দিও। পত্রিকায় ছেপে দেব। বিস্মিত হই, স্যার শুধু আমাকে চেনেনই না আমার সাংগঠনিক কর্মকাণ্ডের খবরও রাখেন। সেসব আমার সঙ্গে ব্যাগেই ছিল, ছবি ও প্রেস রিলিজ হুদা স্যারকে দিই। পত্রিকায় ছাপা হলে স্যার বাসায় ফোন করেছিলেন পত্রিকা সংগ্রহের জন্য।
.কলেজজীবনে আমি সাংগঠনিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলাম না। এই বিষয়টি নিয়ে অহর্নিশি আমার ভিতরে এক টানাপোড়েন ছিল তখন। আমার বাসায় নারায়ণগঞ্জের বাম ঘরানার রাজনীতির নেতৃবৃন্দের অবাধ আসা-যাওয়া ছিল। বন্ধুদের মধ্যে কেউ কেউ ছাত্র ইউনিয়নের সঙ্গে সরাসরি জড়িত ছিল। কলেজে কোনো এক ছুটির সময় ছাত্র ইউনিয়ন আয়োজিত কয়েক দিনের এক বিশাল কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল। কাবলুদার অনুরোধে আমি সেই কর্মশালায় অংশগ্রহণ করি। মনে পড়ে আমার সঙ্গে বন্ধু মো. শফিউদ্দিন ও আতাউর রহমান আতা ভাইও ছিল। শফিকে দেখেছি হইচইয়ে সব সময় এগিয়ে থাকত। বন্ধু এবিএম সেলিম রাজনীতিতে খুবই সক্রিয় ছিল। বলা যায় এ বি এম সেলিম ছিল রাজনীতিতে নিবেদিত প্রাণ। কলেজের সংসদ নির্বাচনে সেলিম প্রার্থী হয়েছিল। ছাত্র ইউনিয়ন থেকে কাবলুদা এক বনভোজনের আয়োজন করেছিলেন। অতিথি ছিলেন ডাক্তার নেয়ামত আলি। প্রগতির তৈরি সুপরিয়র বাসে চড়ে আমরা গাজীপুর গিয়েছিলাম। স্পটে বাস থামার পর আমরা কয়েকজন অতি উৎসাহী হয়ে বাসের জানালা দিয়ে লাফিয়ে নেমেছি। পাখির খাঁচার দরজা খুলে দিলে যেমন হয় আর কী! কলেজজীবন বর্ণিল না হলেও আমার বন্ধুভাগ্য বরাবরই খুব ভালো। কলেজজীবনে অসংখ্য উজ্জ্বল, অসাধারণ, চমৎকার ও অত্যন্ত সব মেধাবী বন্ধু পেয়েছি আমি। দেশে সবার সঙ্গেই যোগাযোগ আছে আমার, বিদেশেও থিতু হয়েছেন অনেকে, আবার কয়েকজন বিদায় নিয়েছেন পৃথিবী থেকে।
তোলারাম কলেজের স্যারদের সঙ্গে আমার সম্পর্কের কথা মনে হলে আজো দুই চোখ আর্দ্র হয়ে যায়। বন্ধু ও স্যারদের জন্য রইল আমার অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা। তোলারাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খগেন্দ্রনাথ চক্রবর্তী পরপারে সৃষ্টিকর্তার অপার নৈকট্য লাভ করুন ও ভালো থাকুন।