রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী জামিন পেয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী জানান, ২ হাজার টাকা মুচলেকায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পর্যন্ত গোলাম মহিউদ্দিনকে জামিন দেওয়া হয়েছে। আগামী ২৮ অক্টোবর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলায় তাকে ৪ নম্বর আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া পরদিন ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।