সারাদেশ

গাইবান্ধায় ছয় মাসে কুকুর-শিয়ালের কামড়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

এস এম শাহাদৎ হোসাইন, রংপুর ব্যুরো প্রধান
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

ছয় মাসে আক্রান্ত অন্তত ৫৫ জন, গাইবান্ধা জেনারেল হাসপাতালেই কুকুরের কামড়ে চিকিৎসা নিয়েছেন ২,২৫৬ জন

গাইবান্ধায় কুকুর ও শিয়ালের আক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর—ছয় মাসে জেলার বিভিন্ন এলাকায় এসব প্রাণীর কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৫৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, কয়েকটি ঘটনায় আক্রান্ত প্রাণীর নমুনা পরীক্ষায় র‌্যাবিস ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।

শুধু গাইবান্ধা জেনারেল হাসপাতালের ভ্যাকসিন কেন্দ্রের হিসাবেই দেখা যায়, ২০২৬ সালের এপ্রিল থেকে ৪ অক্টোবর পর্যন্ত কুকুরসহ বিভিন্ন প্রাণীর আক্রমণের শিকার হয়ে জলাতঙ্কের টিকা নিয়েছেন ৬ হাজার ৯৮০ জন। এর মধ্যে কেবল কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে টিকা নিয়েছেন নারী ও শিশুসহ ২ হাজার ২৫৬ জন। জেলার আরও ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি পর্যায়ে চিকিৎসা নেওয়া ব্যক্তিদের এই হিসাবের বাইরে রাখা হয়েছে। ফলে জেলায় প্রাণীর আক্রমণের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

গত ২২ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামে একটি কুকুরের আক্রমণ পরিস্থিতিকে বড় সংকটে পরিণত করে। বিজনেস সূত্র নয়, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ওই দিন একই কুকুরের কামড়ে ২৬ জন আহত হন। তাঁদের গাইবান্ধা ও রংপুরে চিকিৎসা দেওয়া হয়। পরে জলাতঙ্কের টিকা নেওয়ার পরও ১৪ দিনের ব্যবধানে পাঁচজনের মৃত্যু হয়। ৬ মে নন্দ রানী (৫৫) ও ফুল মিয়া (৫২), ৮ মে রতনেশ্বর বর্মণ, ১২ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরুজা বেগম (৪০) এবং ১৩ মে সুলতানা বেগম মারা যান।

ওই ঘটনার চার মাস পর ২০ সেপ্টেম্বর সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে একটি শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ নয়জন আহত হন। এর পরদিন ২১ সেপ্টেম্বর সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হাটবামুনী গ্রামে ১২ বছরের শিশু সিনথিয়াকে একটি কুকুর ধাওয়া করে। পরে কুকুরটি তাঁর গলায় কামড় দিলে শ্বাসনালিতে গভীর ক্ষত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় রাকিব নামের এক যুবকও আহত হন।

এর চার দিন পর ২৬ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামে নারী ও শিশুসহ আটজনকে কামড় দেয় আরেকটি কুকুর। স্থানীয়দের পাশাপাশি দুটি গরু ও দুটি ছাগলও ওই কুকুরের আক্রমণের শিকার হয়।

প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুরে মানুষ ও গবাদিপশুকে আক্রান্ত করা কুকুর ও শিয়ালের নমুনা পরীক্ষা করে র‌্যাবিস ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এসব ঘটনার কারণ ও প্রাদুর্ভাবের উৎস অনুসন্ধানে গত ২২ সেপ্টেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তরের রোগতত্ত্ব বিভাগের চার সদস্যের একটি পর্যবেক্ষক দল আক্রান্ত এলাকায় যায়। পরে শিয়ালের কামড়ে নয়জন আহত হওয়ার ঘটনাটি খতিয়ে দেখতে স্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিভাগের সমন্বয়ে গঠিত আইইডিসিআরের ছয় সদস্যের একটি আউটব্রেক ইনভেস্টিগেশন টিমও মাঠে নামে।

এর আগে সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনা তদন্তে গত ১৯ মে স্বাস্থ্য অধিদপ্তরের ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল সেখানে যায়। তবে ওই তদন্তের প্রতিবেদন বা পরবর্তী সুপারিশ সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

এদিকে গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায় দলবেঁধে ঘুরে বেড়ানো কুকুর নিয়ে পথচারী ও অভিভাবকদের মধ্যেও উদ্বেগ রয়েছে। সোমবার শহরের কলেজ রোডের এতিমখানা, হাসপাতাল মোড়, সদর থানা-সংলগ্ন ময়লার ভাগাড়, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, পার্কের মোড়, ফকিরপাড়া মসজিদের সামনে ও পলাশপাড়া মোড়ের ময়লার ভাগাড়ের আশপাশে একাধিক কুকুরকে দলবদ্ধ অবস্থায় দেখা যায়। খাবারের দোকান ও ময়লার স্তূপের কাছে কোথাও কোথাও একসঙ্গে ১০ থেকে ১২টি কুকুর দেখা গেছে।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী সামির খাতুন বলে, কুকুর দেখলে তাঁর ভয় লাগে। অভিভাবক জান্নাতুল ফেরদৌসী বলেন, শহরে কুকুরের সংখ্যা বেড়েছে বলে তাঁদের মনে হচ্ছে। পথ চলার সময় কখন আক্রমণের শিকার হতে হয়, তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। সরকারি চাকরিজীবী আশরাফুল আলম বলেন, রাত ১০টার পর এবং ভোরে নামাজে যাওয়ার সময় কুকুরের দল নিয়ে আতঙ্কে থাকতে হয়।

কুকুর নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে গাইবান্ধা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবু হানিফ বলেন, পৌরসভার নিজস্ব বিশেষজ্ঞ বা প্রশিক্ষিত জনবল নেই। বিপজ্জনক প্রাণী নিয়ন্ত্রণের দায়িত্ব পৌরসভার আইনে থাকলেও ২০১৩ সালে হাইকোর্টের নির্দেশের পর কুকুর নিধন বন্ধ রয়েছে। তাঁর ভাষ্য, কয়েক বছর আগে প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে কুকুর বন্ধ্যাকরণের একটি কার্যক্রম ছিল, সেটিও এখন নেই।

তবে প্রাণিসম্পদ বিভাগ বলছে, কুকুর নিয়ন্ত্রণের পাশাপাশি টিকাদানই এখন গুরুত্বপূর্ণ। সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তানভীক জাহান বলেন, পরিস্থিতিতে মানুষকে ব্যাপকভাবে টিকা দেওয়াই সবচেয়ে সহজ ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা।

গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জোবাইদুল কবীর বলেন, পর্যবেক্ষক দলের দেওয়া কিছু পরামর্শ তাঁদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সেগুলোর কিছু ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। শিশুদের একা না ছাড়ার এবং কুকুরের কাছাকাছি গেলে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

গাইবান্ধা জেলা সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান বলেন, হাসপাতালে জলাতঙ্কের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। তবে কুকুরের মধ্যে জলাতঙ্ক নিয়ন্ত্রণে ব্যাপক হারে কুকুরকে টিকার আওতায় আনা প্রয়োজন।

চিকিৎসকদের মতে, র‌্যাবিস বা জলাতঙ্ক একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। আক্রান্ত প্রাণীর কামড়, আঁচড় বা লালার মাধ্যমে মানুষের শরীরে ভাইরাসটি প্রবেশ করতে পারে। লক্ষণ প্রকাশ পাওয়ার পর রোগটি প্রায় সব ক্ষেত্রেই প্রাণঘাতী। তবে আক্রান্ত হওয়ার পর দ্রুত ক্ষতস্থান পরিষ্কার করা এবং নির্ধারিত সময়ে টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা নিলে রোগটি প্রতিরোধ করা সম্ভব।

জেলায় ধারাবাহিক এসব ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর তদন্ত ও টিকাদান কার্যক্রম শুরু হলেও দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ, নিয়মিত টিকাদান, বর্জ্য ব্যবস্থাপনা এবং আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার সমন্বিত উদ্যোগ না থাকলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

১

বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

২

শেষবার আকাশি-সাদা জার্সিতে মেসি, প্রস্তুত বিদায় মঞ্চ

৩

‘এক টাকার শিক্ষক’ পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

৪

গাইবান্ধায় ছয় মাসে কুকুর-শিয়ালের কামড়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

৫

কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

৬

সদরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

৭

৬ কোটি টাকার ভবন নির্মাণ, খাস জমি ব্যবহারের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

৮

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে বিএনপির দুই নেতা নেতৃত্ব দিয়েছেন: আসিফ মাহমুদের

৯

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, গ্রেপ্তারের ৫ দিন পর জামিন পেলেন গোলাম মহিউদ্দিন

১০

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো প্রধান শিক্ষক পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা

১১

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

১২

শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে: রফিকুল ইসলাম খান

১৩

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

১৪

সমাজে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কূটনৈতিক যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত