মাত্র ছয় মাসের সরকার এসে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি করেনি বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রোববার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, দেশে জ্বালানি ও বিদ্যুতের সংকট একটি জাতীয় সংকট। এ সংকট বর্তমান ছয় মাসের সরকার তৈরি করেনি। নীতিগত আলোচনা বাদ দিয়ে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হলে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
জুলাই-পরবর্তী সময়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ পুনর্গঠনে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশকে সঠিক গন্তব্যের দিকে অনেকখানি এগিয়ে নেওয়া সম্ভব হবে।
পটুয়াখালী ইপিজেডের অগ্রগতি নিয়ে সংশয় প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত তিন বছরে প্রকল্পের ৪৭ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী দেড় বছরে বাকি কাজ শেষ করা নিয়ে তাঁর ব্যক্তিগতভাবে সংশয় রয়েছে। তবে নির্ধারিত সময় ও ব্যয়ের মধ্যে প্রকল্পটি শেষ করার জন্য সরকারের তাগিদ রয়েছে।
ইপিজেড চালু হলে পটুয়াখালীর লাখ লাখ বেকার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শু/আজা