সংসদে বিল পাস

বিলুপ্ত হলো র‍্যাব, নতুন আইনে এসআরবি; ফৌজদারি তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯
 ছবি:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের আইনি পথ তৈরি হয়েছে। একই দিনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)–এর নতুন আইনও জাতীয় সংসদে পাস হয়েছে। নতুন আইনে এপিবিএনকে নিজস্ব অধিক্ষেত্রে ফৌজদারি অপরাধ তদন্তের সরাসরি আইনগত ক্ষমতা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কণ্ঠভোটে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল-২০২৬ পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দুটি আইন পাসের মধ্য দিয়ে দেশের বিশেষায়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। ২০০৪ সালে কার্যক্রম শুরু করা র‌্যাবের পরিবর্তে এসআরবি নামে নতুন বাহিনী গঠনের পাশাপাশি এপিবিএনের দায়িত্ব ও আইনগত ক্ষমতার পরিধিও বাড়ানো হচ্ছে।

দিনের কার্যসূচি অনুযায়ী আইন পাসের কার্যক্রম শুরু হলে স্পিকার বলেন, সংসদ এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬ পাসের স্তরে রয়েছে। এর আগে বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে পরীক্ষা-নিরীক্ষা ও সুপারিশের প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ করা বিলটি অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণের পক্ষে-বিপক্ষে মত জানতে চান স্পিকার। এ সময় বিরোধী দলের সদস্যরা আপত্তি জানান। তবে কণ্ঠভোটে বিলটি গ্রহণ করা হয়। পরে বিলের বিভিন্ন দফায় সংশোধনী নিয়ে আলোচনা শেষে তা পাস হয়।

র‌্যাব গঠনের আইনি ভিত্তি তৈরি হয়েছিল আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স সংশোধনের মাধ্যমে। ২০০৩ সালে ওই অধ্যাদেশ সংশোধন করে র‌্যাব গঠনের বিধান যুক্ত করা হয়। পরের বছর র‌্যাব আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও গুরুতর অপরাধ দমনে বাহিনীটির ভূমিকা আলোচিত হলেও দীর্ঘ সময় ধরে এর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের মতো গুরুতর অভিযোগও ওঠে।

সময়ের সঙ্গে র‌্যাবের কর্মকাণ্ড নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা তৈরি হয়। বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষাপটে বাহিনীটির কাঠামো ও জবাবদিহি নিয়ে প্রশ্ন দেখা দেয়। সেই প্রেক্ষাপটে র‌্যাব বিলুপ্ত করে নতুন কাঠামোয় বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এসআরবি আইনের মাধ্যমে র‌্যাবের বিদ্যমান কাঠামোর পরিবর্তে বিশেষায়িত নিরাপত্তা ও দ্রুত প্রতিক্রিয়াশীল সক্ষমতা বজায় রেখে নতুন বাহিনী পরিচালনার ব্যবস্থা করা হচ্ছে। র‌্যাব গঠনের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্সে যেসব বিশেষ বিধান যুক্ত করা হয়েছিল, সেগুলো বাদ দিয়ে পৃথক আইনের অধীনে এসআরবি গঠনের ব্যবস্থা রাখা হয়েছে।

অন্যদিকে, একই অধিবেশনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল-২০২৬ পাস হয়েছে। বিদ্যমান আর্মড পুলিশ ব্যাটালিয়নস অরডিন্যান্স রহিত করে নতুন আইন প্রণয়নের জন্য বিলটি আনা হয়। বৃহস্পতিবার সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিলের ওপর আলোচনায় বিরোধী দলের সদস্যরা সেটি জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন। পরে এসব প্রস্তাব নিষ্পত্তি করে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

নতুন আইনে এপিবিএনকে বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে গঠন ও পরিচালনার কথা বলা হয়েছে। এই ইউনিটের অধীনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন, পার্বত্য ব্যাটালিয়ন, বিমানবন্দর ব্যাটালিয়ন এবং সরকার প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করবে—এমন অন্য বিশেষায়িত ব্যাটালিয়ন অন্তর্ভুক্ত থাকতে পারবে।

এপিবিএনের নতুন আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি হলো, নিজস্ব অধিক্ষেত্রে ফৌজদারি অপরাধ তদন্তের সরাসরি আইনগত ক্ষমতা। এত দিন কোনো অপরাধের তদন্তে এপিবিএনের ভূমিকা মূলত দায়িত্ব ও ক্ষমতার নির্দিষ্ট কাঠামোর মধ্যে সীমাবদ্ধ ছিল। নতুন আইনে সেই ক্ষমতার পরিধি বাড়ানো হলো।

আইন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি এবং প্রচলিত অন্যান্য আইন অনুসরণ করে এপিবিএনের সদস্যরা অপরাধ সংঘটিত হওয়ার স্থানে প্রবেশ করতে পারবেন। তাঁরা তল্লাশি চালাতে, অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আলামত ও মালামাল জব্দ করতে এবং সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করতে পারবেন। ফলে এপিবিএন এখন শুধু নিরাপত্তা ও বিশেষায়িত দায়িত্ব পালনের পাশাপাশি নিজস্ব অধিক্ষেত্রে অপরাধ তদন্তেও সরাসরি ভূমিকা রাখতে পারবে।

তবে এ ক্ষমতার প্রয়োগ প্রচলিত আইন ও ফৌজদারি কার্যবিধির অধীনেই হবে। অর্থাৎ নতুন আইন এপিবিএনকে সীমাহীন তদন্তক্ষমতা দিচ্ছে না; নির্ধারিত অধিক্ষেত্র এবং আইনি প্রক্রিয়া মেনেই তাদের ক্ষমতা প্রয়োগ করতে হবে।

নতুন আইনে এপিবিএনের প্রশাসনিক তথ্য ও সংবেদনশীল বিষয় সুরক্ষার জন্যও বিশেষ বিধান রাখা হয়েছে। কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া বাহিনীর কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইলেকট্রনিক মিডিয়া বা সংবাদপত্রে বাহিনী-সংক্রান্ত তথ্য, দাপ্তরিক দলিল বা স্পর্শকাতর বিষয় প্রকাশ করতে পারবেন না। এ ধরনের তথ্য প্রকাশে অন্য কাউকে সহযোগিতা করার ক্ষেত্রেও বিধিনিষেধ রাখা হয়েছে।

একই দিনে র‌্যাবের পরিবর্তে এসআরবি এবং এপিবিএনের জন্য নতুন আইন পাস হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামো পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। র‌্যাবের বিশেষায়িত সক্ষমতাকে নতুন কাঠামোয় কীভাবে কাজে লাগানো হবে এবং এসআরবির ওপর কী ধরনের প্রশাসনিক ও আইনি জবাবদিহি থাকবে—তা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

অন্যদিকে এপিবিএনের হাতে সরাসরি ফৌজদারি তদন্তের ক্ষমতা দেওয়ায় বাহিনীটির দায়িত্বও বাড়ছে। এই বাড়তি ক্ষমতার প্রয়োগে আইনি প্রক্রিয়া, জবাবদিহি এবং নাগরিক অধিকার কতটা নিশ্চিত করা যায়, সেটিও নতুন ব্যবস্থার অন্যতম বড় পরীক্ষা হবে। ফলে দুটি নতুন আইন শুধু র‌্যাবের নাম পরিবর্তন বা একটি পুরোনো অধ্যাদেশের জায়গায় নতুন আইন আনার বিষয় নয়; এর মাধ্যমে বিশেষায়িত পুলিশি সক্ষমতা, অপরাধ তদন্ত এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব বণ্টনেও পরিবর্তন আসছে।

রাজধানীর একটি বাসায় মাটি খুঁড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মিয়ানমারে ড্রোন হামলার পর বন্ধ বিমানবন্দর

দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ

দর্শক চাপে উপচে পড়ছে গ্যালারি, কক্সবাজারে আধুনিক ফুটবল স্টেডিয়ামের দাবি

বান্ধবীকে বিয়ে করতে তরুণীর স্তন অস্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর মৃত্যু

স্কুলছাত্রের সঙ্গে যৌনসম্পর্কের মামলায় জামিনে, অন্তঃসত্ত্বা হলেন শিক্ষিকা

যুক্তরাজ্যে আশ্রয় পেতে ভুয়া সমকামী সাজছেন বাংলাদেশি-পাকিস্তানি অভিবাসীরা

১৬ বছরের ছাত্রের সঙ্গে যৌনসম্পর্ক, ব্রিটিশ নারী শিক্ষিকা দোষী সাব্যস্ত

সালমান শাহর মৃত্যুর আগের রাতের ঘটনা যেভাবে বর্ণনা করেছিলেন স্ত্রী সামিরা

১০

মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের

১১

আবার ম্যাচে সাত উইকেট হাসানের, চার ম্যাচে শিকার ২৬

১২

বাকস্বাধীনতা যেন গালাগালির সংস্কৃতিতে না যায়: প্রধানমন্ত্রী

১৩

প্রথম দফায় দল থেকে ছয় জনকে বাদ দিলেন কোচ টমাস ডুলি

১৪

ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

১৫

জর্ডানের জালে পাঁচ গোল বাংলাদেশের মেয়েদের

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত