সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানের নির্দেশ; নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো ও নিজ নিজ এলাকায় সক্রিয় থাকার তাগিদ
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ দলটির রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের অবিলম্বে এলাকায় ফিরে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার তাগিদ দিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে এসব নির্দেশনা দেন তারেক রহমান। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টম দিনের কার্যক্রম শুরুর আগে দুপুর আড়াইটায় বৈঠক শুরু হয়। বিকেল ৩টা ৫৫ মিনিটে বৈঠকটি শেষ হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠক সূত্রে জানা গেছে, সংসদের অধিবেশন শেষ হওয়ায় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৈঠকে তারেক রহমান সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নির্ভর না করে প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা পালন করতে হবে। অর্থাৎ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক তৎপরতার বিষয়ে তাঁদের সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে নির্দেশনা দেন তিনি।
আওয়ামী লীগের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন প্রশাসন ও আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে ছিলাম, আন্দোলন-সংগ্রাম করেছি। তখন আওয়ামী লীগের সঙ্গে প্রশাসন ছিল, রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ছিল। তারপরও তারা টিকতে পারেনি। এখন তো তাদের সঙ্গে কেউই নেই। সুতরাং, তাদের কর্মসূচি নিয়ে এত বেশি চিন্তিত হওয়ার কিছু নেই।’
বৈঠক সূত্রের ভাষ্য অনুযায়ী, সংসদীয় দায়িত্বের পাশাপাশি দলীয় সংসদ সদস্যদের তৃণমূল পর্যায়ে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে চান বিএনপির শীর্ষ নেতৃত্ব। নিজ নিজ এলাকায় দলীয় সংগঠনের কার্যক্রম জোরদার, নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং জনগণের সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি জানার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।