জামালপুরের মেলান্দহে ঐতিহ্যবাহী মালঞ্চ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মিজানুর রহমান (৩৮) স্থানীয়দের কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন।
প্রতারণার মাধ্যমে ১৫ লাখ টাকা নিয়ে উধাও হওয়ার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মাও. জোবায়ের (৩০) বাদি হয়ে ভুক্তভোগীদের পক্ষে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত মিজানুর রহমান ঢাকার ৩১২ দক্ষিণ যাত্রাবাড়ি, ফরিদাবাদ এলাকার বাসিন্দা বলে পরিচয় দিয়ে ইমাম হিসেবে নিয়োগ নিয়েছিলেন। মালঞ্চ কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ হোসেন এবং প্রতারিতরা জানান, মুফতি মিজানুর রহমান তিন মাস আগে ৪০ হাজার টাকা মাসিক সম্মানির শর্তে মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি মসজিদের নির্দিষ্ট আবাসনে স্বপরিবারে অবস্থান করেন। হংকং থেকে তার এক আত্মীয়র পাঠানো স্বর্ণ এয়ারপোর্ট থেকে ছাড়িয়ে আনতে টাকার প্রয়োজনের অজুহাতে ৭ অক্টোবর ১৪/১৫ জন লোকের কাছ থেকে প্রায় ১৫ লক্ষাধিক টাকা ধার নিয়ে রাতেই স্বপরিবারকে নিয়ে লাপাত্তা হন মিজানুর রহমান। এখবর জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জামালপুরের মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুর হক জানান, টাকা নিয়ে লাপাত্তার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্তাধীন আছে।