স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আইনি প্রক্রিয়ার সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকেরা আগের মতোই নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানান তিনি। সোমবার সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
মো. আসাদুজ্জামান বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এ বিষয়ে আইনের যথার্থ ব্যাখ্যাই দিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত কোনো বাধা নেই। আইনি প্রক্রিয়ার সমাধান না হওয়া পর্যন্ত তাঁদের অবস্থার পরিবর্তন হবে না।
তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত আইনি প্রক্রিয়াটি সমাধান করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা আগে যে রকম ছিলেন, সে রকমই থাকবেন। আইন আগের মতোই আছে। সুতরাং তারা নির্বাচনে অংশ নিতে পারবেন।”
সরকারের কার্যক্রম ও সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “আমাদের ব্যাপারে আপনারা আশা রাখতে পারেন, আস্থা রাখতে পারেন। ইতিবাচক পরিবর্তন হবে।”
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।