সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত এবং ছয়জন আহত হয়েছেন। হতাহত ১৩ জনই বাংলাদেশের কক্সবাজার জেলার বাসিন্দা। শনিবার মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট থেকে শনিবার রাতে ঢাকায় পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। কনস্যুলেটের তথ্য অনুযায়ী, হতাহত ব্যক্তিরা তিন পরিবারের সদস্য। তাঁদের মধ্যে তিন পরিবারের প্রধানসহ চারজন সৌদি আরবের আল-আবির কোম্পানিতে কর্মরত ছিলেন। ওই কোম্পানির মক্কা শাখার ব্যবস্থাপক মো. সালমান কনস্যুলেটের কর্মকর্তাদের জানান, দুর্ঘটনাকবলিত গাড়িতে প্রতিষ্ঠানটিতে কর্মরত চার বাংলাদেশি কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন।
কনস্যুলেটের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ইয়াসির ও ইয়াযান এবং মেয়ে বুশরা নিহত হয়েছেন। তাঁর স্ত্রী শাকিরা ও মেয়ে ইউসরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
একই গাড়িতে থাকা আলম শাহ তাঁর স্ত্রী সানজিদা ও মেয়ে ফারিয়াকে হারিয়েছেন। দুর্ঘটনায় আহত আলম শাহ ও তাঁর ছেলে ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া আহত ইলিয়াসের স্ত্রী আফসানা বিবি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তি গফুর আলম।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ঘণ্টায় আনুমানিক ১৬০ কিলোমিটার ছিল। সৌদি ট্রাফিক বিভাগের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে যায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে। তদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।