তিন দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে নির্বাক আমেনা, বাবার আকুতি
তিন দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়েছেন চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের হিলভিউ আবাসিক এলাকার বাসিন্দা মোহাম্মদ কবির ও আমেনা বেগম দম্পতি। ১০ বছর বয়সি বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাতের মৃত্যু হয় শুক্রবার সকালে। দুই দিন পর রোববার রাতে মারা যায় ১০ মাস বয়সি ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর। চিকিৎসকদের ভাষ্য, দুই শিশুই ডেঙ্গু ও হামে আক্রান্ত হয়েছিল। পরে নিউমোনিয়া ও মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে পড়লে তাদের অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে।
বড় ছেলেকে হারানোর পর ছোট সন্তানকে বাঁচাতে সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলেন বাবা কবির। চিকিৎসকেরাও সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত দুই সন্তানের কাউকেই বাঁচানো যায়নি। সন্তানদের চিকিৎসার জন্য সঞ্চয় শেষ করে ধারদেনাও করেছিলেন তিনি। বড় ছেলের মৃত্যুর পর অন্তত ছোট ছেলেটিকে নিয়ে ঘরে ফেরার আশা ছিল তাঁর। সেই আশাও পূরণ হয়নি।
সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মোহাম্মদ কবির বলেন, “বড় ছেলেটা চলে যাওয়ার পর অনেক চেষ্টা করেছি ছোট ছেলেটাকে বাঁচাতে। পারলাম না। আমার আর কিচ্ছু নাই ভাই; কী নিয়ে থাকব?”
এরপর কান্নায় তাঁর কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। তিনি বলেন, “আমি এখন ছোট ছেলেকে নিয়ে কবরস্থানে…”
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রের (পিআইসিইউ) প্রধান অধ্যাপক দিদারুল আলম জানান, রোববার রাত ১টার পর মোহাম্মদ আবু বক্করের মৃত্যু হয়। এর আগে শুক্রবার সকালে মারা যায় তার বড় ভাই নূর মোহাম্মদ আরাফাত।
তিনি বলেন, “তাদের ডেঙ্গু এবং হাম দুটোই একসঙ্গে হয়েছিল। পরে নিউমোনিয়া হয়। ব্রেইনে ইনফেকশন ছড়িয়ে পড়ে। আমরা সবরকম চেষ্টা করেছি। মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল।”
চিকিৎসক দিদারুল আলম আরও বলেন, পরিবারের আর্থিক অবস্থা বিবেচনায় হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসার পাশাপাশি আর্থিক সহায়তাও দেওয়া হয়েছিল। তাঁর ভাষায়, “আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার সবই করেছি। এভাবে একটি পরিবারের দুটি সন্তানেরই মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক।”
কবির ও আমেনা দম্পতির বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত পাঁচলাইশ এলাকার হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রায় তিন সপ্তাহ আগে তার জ্বর, বমি ও কাশি শুরু হয়। প্রথমে তাকে চট্টগ্রামের বেসরকারি সাউদার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর নেওয়া হয় বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে।
অবস্থার অবনতি হলে আরাফাতকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। কয়েক দিন পর তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
এর মধ্যে অসুস্থ হয়ে পড়ে ছোট ছেলে আবু বক্করও। তাকেও মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ হিলভিউ এলাকার ১ নম্বর সড়কে পরিবারের সঙ্গে থাকতেন কবির। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। তাঁর স্ত্রী আমেনা বেগম গৃহিণী। স্বল্প আয়ে চলত তাঁদের সংসার। দুই সন্তানের চিকিৎসার খরচ জোগাতে নিজেদের সব সঞ্চয় ব্যয় করার পাশাপাশি ধারদেনাও করতে হয়েছে তাঁকে।
এখন সন্তানদের হারিয়ে শোকের ভারে ভেঙে পড়েছেন মা-বাবা। বড় ছেলের মৃত্যুর পর ছোট সন্তানকে ঘিরে যে শেষ আশাটুকু ছিল, সেটিও নিভে গেছে। দুই সন্তানের স্মৃতি আর শূন্য ঘর নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এই পরিবার।