- এনআইডি, জন্মতারিখ ও মোবাইল নম্বরে তথ্যের অমিল হলে জটিলতা; পুরো প্রক্রিয়া হবে অনলাইনে
নবম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তিগত পরিচয়সংক্রান্ত তথ্যের সঠিকতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, জন্মতারিখ ও নিবন্ধিত মোবাইল নম্বরে তথ্যের অমিল থাকলে অনলাইন পে ফিক্সেশন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।
অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে আইবাস++-এর মাধ্যমে সম্পন্ন হবে। নন-গেজেটেড কর্মচারীদের এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে সিস্টেমে প্রবেশ করতে হবে। এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওটিপির মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে। বিদেশে অবস্থানরত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে নিবন্ধিত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে।
কোনো কর্মচারীর এনআইডি না থাকলে পে ফিক্সেশনের আগে এনআইডির জন্য নিবন্ধন করতে হবে। চাকরির রেকর্ডে থাকা জন্মতারিখের সঙ্গে এনআইডির জন্মতারিখের অমিল থাকলে পে ফিক্সেশনের আগে এনআইডির তথ্য সংশোধন করতে হবে।
গেজেটেড কর্মকর্তারা আইবাস++-এর নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করবেন। প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর সাবমিটের আগেই সিস্টেমে নতুন নির্ধারণযোগ্য মূল বেতন দেখা যাবে। তথ্য জমা দিলে নিবন্ধিত মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাঠানো হবে।
এরপর সংশ্লিষ্ট ডিডিও তথ্য যাচাই করে বেতন নির্ধারণী বিবরণী হিসাবরক্ষণ অফিসে পাঠাবেন। হিসাবরক্ষণ কর্মকর্তা অনলাইনে তথ্য যাচাই ও অনুমোদন করলে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন নম্বর তৈরি হবে। এ ক্ষেত্রে ম্যানুয়াল স্বাক্ষরের প্রয়োজন হবে না।
তবে সার্ভিস বহিতে ভেরিফিকেশন নম্বর ও নির্ধারিত বেতন লিপিবদ্ধ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে স্বাক্ষর করতে হবে। গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে অডিট রেজিস্টারের মানি-কলামেও নির্ধারিত বেতন ও ভেরিফিকেশন নম্বর লিপিবদ্ধ করার বিধান রয়েছে।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, একই নিয়মে দ্রুত ও স্বচ্ছভাবে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য অনলাইন ব্যবস্থা চালু করা হচ্ছে। তবে ব্যক্তিগত তথ্য ভুল বা অসামঞ্জস্যপূর্ণ হলে যাচাইয়ের সময় তা সংশোধনের প্রয়োজন হতে পারে।
পে ফিক্সেশনের বিস্তারিত নির্দেশিকা আইবাস++ লগইন পেজ, অর্থ বিভাগের ওয়েবসাইট, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইট এবং পে ফিক্সেশন ডট গভ ডট বিডিতে পাওয়া যাবে।